নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি, কোচবিহার ও সংবাদদাতা, হলদিবাড়ি: মাদক বিরোধী অভিযান অব্যাহত। নিয়মিত পপি ও গাঁজা খেত ধ্বংস থেকে মাদক কারবারিদের ধরপাকড় অভিযান চলছে।
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি, কোচবিহার ও সংবাদদাতা, হলদিবাড়ি: মাদক বিরোধী অভিযান অব্যাহত। নিয়মিত পপি ও গাঁজা খেত ধ্বংস থেকে মাদক কারবারিদের ধরপাকড় অভিযান চলছে।
পুলিস সূত্রে খবর, গত ছ’মাসে শিলিগুড়ি ও কোচবিহারে কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার করা হয়েছে ২৯৪ জনকে। শিলিগুড়িতে ব্রাউন সুগার এবং কোচবিহারে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটের স্ট্যাকইয়ার্ড গড়া হয়েছে বলে সন্দেহ।
কোচবিহার জেলায় গাঁজা পাচারকারীদের দাপট লাগামহীন। এখান থেকে গাঁজা দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে পাচার করা হচ্ছে। এর বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিস। পুলিস সূত্রে খবর, গত ছ’মাসে জেলায় প্রায় ন’হাজার কেজি গাঁজা ও ২ লক্ষ ১০ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এর বাইরে জেলার বিভিন্ন জায়গা থেকে ৫৬ হাজারের বেশি বোতল কাফ সিরাপ, প্রায় ৯৪ গ্রাম হেরোইন, ৯১২ গ্রাম ব্রাউন সুগার এবং ৫১ কেজির বেশি শুকনো আফিম উদ্ধার হয়েছে। সংশ্লিষ্ট ঘটনাগুলিতে গ্রেপ্তার করা হয়েছে ১৯২ জনকে।
এদিকে, শিলিগুড়িতে ব্রাউন সুগারের কারবারের রমরমা। উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য এবং মালদহ ও মুর্শিদাবাদ থেকে এখানে চোরাপথে ঢুকছে ব্রাউন সুগার। পুলিস সূত্রে খবর, গত ছ’মাসে ব্রাউন সুগার, গাঁজা ও কাফ সিরাপের ৫০টি কেস রুজু করা হয়েছে। কারবারি ও পাচারকারী সহ ১০২ জনকে গ্রেপ্তার করে কয়েক কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। যারমধ্যে ব্রাউন সুগারের পরিমাণ প্রায় ৮০ শতাংশ।
পুলিসের লাগাতার অভিযানের পরও কোচবিহার ও শিলিগুড়িতে মাদক কারবারের দাপট নিয়ন্ত্রণ হয়নি। দুই জায়গাতেই নতুন নতুন গ্যাং তৈরি করে কারবার নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর। এই অবস্থায় এদিন বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি পুলিস কমিশনারেট এলাকায় এবং হলদিবাড়ি থানায় বিভিন্ন স্কুল, কলেজের ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের নিয়ে পদযাত্রা করা হয়। কোচবিহার রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানও করা হয়।
কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, মাদক কারবারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (সদর) তন্ময় সরকারের মন্তব্য, মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি আমজনতাকেও সচেতন করার কাজে জোর দেওয়া হয়েছে।