Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাত বদলের আগেই লালগোলায় হেরোইন সহ ধৃত মাদক কারবারি

হাত বদলের আগেই লালগোলায় হেরোইন সহ ধৃত মাদক কারবারি
  • ৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: শুক্রবার মধ্যরাতে হাত বদলের আগেই লালগোলা থানার পুলিস হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আব্দুল করিম। বাড়ি লালগোলা থানার চাটাইডুবিতে। তার কাছ থেকে ৫০১ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়েছে। শনিবার ধৃত মাদক কারবারিকে বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হলে বিচারক ছ’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 

Advertisement

ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই বলেন, ধৃত সীমান্ত এলাকার অপর এক কারবারিকে হেরোইন হাত বদলের জন্য নিয়ে যাচ্ছিল। তার আগেই লালগোলা মুক্ত সংশোধনাগার সংলগ্ন শ্রীমন্তনগর কলকলি ঘাট সংলগ্ন এলাকা থেকে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য প্রায় ১৩ লক্ষ টাকা। সীমান্তে কোন কারবারিকে হাত বদলের জন্য সে মাদক নিয়ে যাচ্ছিল ও মাদক কারবারের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিস জানিয়েছে, সোর্স মারফত খবর ছিল শুক্রবার রাতে শ্রীমন্তনগর এলাকা দিয়ে মাদক পাচার হবে। সেইমতো শ্রীমন্তনগর কলকলি ঘাট সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি শুরু হয়। মধ্যরাতে ওই যুবক বাইকে চেপে সীমান্তের দিকে যাচ্ছিল। পুলিস দেখেই বাইক ঘুরিয়ে পালাবার চেষ্টা করে। বেশকিছুটা পথ পিছু ধাওয়া করে মাদক কারবারিকে পাকড়াও করা হয়। তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে হেরোইন বাজেয়াপ্ত করা হয়। ধৃত যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, লালগোলার সীমান্তের এক কারবারিকে হাত বদলের জন্য যাচ্ছিল। পরবর্তীতে সুযোগ মতো ওই কারবারি তা বাংলাদেশে পাচার করত। 
প্রসঙ্গত, অফ সিজিনেও মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। গত ২১ এপ্রিল ভগবানগোলা থানার চরবাবুপুর পূর্বপাড়া থেকে ৩ কেজি ২০০ গ্রাম হেরোইন এবং ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ পুলিস এক পাচারকারীকে গ্রেপ্তার করে। সীমান্তে মাদক কারবারিদের এই বাড়বাড়ন্ত জেলা পুলিসের আধিকারিকদের কপালে রীতিমতো দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ