সংবাদদাতা, মেখলিগঞ্জ: ট্রেন দেরিতে চলার কারণে স্টেশনে নেমে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। রবিবার বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার জামালদহ-গোপালপুর স্টেশনে। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি জংশন থেকে সকাল ১০টা ৫০ মিনিটে ছাড়ে ০৭৫২৫ ডিএমইউ ট্রেনটি। ১৬টি স্টেশন ছুঁয়ে দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ জামালদহ- গোপালপুর স্টেশনে পৌঁছনোর কথা। কিন্তু নির্ধারিত সময়ের তিন ঘণ্টারও পরে বিকেল ৫টা নাগাদ সেটি সেখানে পৌঁছয়। ফলে স্টেশনে নেমে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। পরে রেল কর্তারা বুঝিয়েসুজিয়ে পরিস্থিতি শান্ত করেন। যাত্রীদের অভিযোগ, ট্রেনের মধ্যে থাকা শৌচালয় ব্যবহারযোগ্য নয়। পানীয় জল নেই। যএক যাত্রী স্বদেশ রায় বলেন, ৩৯টি স্টেশন ছুঁয়ে রাত ৯টা ২৫ মিনিট নাগাদ অসমের বঙ্গাইগাঁও পৌঁছানোর কথা। কিন্তু যেভাবে ট্রেনটি চলছে তাতে মনে হচ্ছে, গন্তব্যে পৌঁছতে রাত পেরিয়ে যাবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানিয়েছেন, যেসব সমস্যা সামনে এসেছে তা রেলের পক্ষ থেকে সমাধানের চেষ্টা করা হবে।



