Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়া, খাদ্য সঙ্কট এড়াতে নয়া দিশার খোঁজে কৃষি বিজ্ঞানীরা

দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়া, খাদ্য সঙ্কট এড়াতে নয়া দিশার খোঁজে কৃষি বিজ্ঞানীরা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: বছর বছর বদলে যাচ্ছে আবহাওয়া। প্রাকৃতিক কারণে কৃষিজমির পরিবর্তন হচ্ছে। এদিকে দেশে বাড়ছে জনসংখ্যা। তাই বিজ্ঞানীদের আশঙ্কা, খাদ্যসঙ্কট হবে। টিকে থাকার এমন চ্যালেঞ্জের সামনে কীভাবে কৃষিকাজ টিকিয়ে রাখা যায়, তা নিয়ে জাতীয় সেমিনার হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বালুরঘাট ক্যাম্পাসে। দেশের নানা প্রান্ত থেকে এসেছেন কৃষি বিজ্ঞানীরা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে কীভাবে কৃষিকাজ করতে হবে, তা নিয়ে নিজেদের মত বিনিময় করেন বিজ্ঞানীরা। সেমিনারে এসেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিনয় কুমার সরেন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক কুমার পাত্র, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত প্রণব ঘোষ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রদ্যুৎ কুমার পাল সহ নানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কৃষি বিজ্ঞানীরা। 
Advertisement
সেমিনার থেকেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার জিআই ট্যাগযুক্ত সুগন্ধি তুলাইপাঞ্জি চালের লোগোর উদ্বোধন করা হয়েছে সোমবার। এখন থেকে ওই লোগো তুলাইপাঞ্জির চালের প্যাকেটে দেওয়া থাকবে।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অফ রিসার্চ অশোক চৌধুরী বলেন, আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এর ফলে খাদ্য সঙ্কট হতে পারে। তাই কৃষিক্ষেত্রে উৎপাদন ধারাবাহিক রাখতে বিজ্ঞানীদের চেষ্টা করে যেতে হবে। সেই বিষয়গুলি নিয়েই দেশের বিজ্ঞানীরা আলোচনা করছেন সেমিনারে। 
ক্যাম্পাসের ডিন জ্যোতির্ময় কারফরমার কথায়, বদলে যাওয়া পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে কীভাবে কৃষিতে উন্নয়ন করা যায় তা নিয়ে মতামত জানাচ্ছেন বিজ্ঞানীরা। আলোচনার মাধ্যমে সেই রাস্তা খুঁজে বের করার চেষ্টা করা হবে। হয়তো নতুন কোনও পদ্ধতি এবং দিশার খোঁজ পাব আমরা। 
কৃষি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কৃষিকাজে নানা প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়েছে বিজ্ঞানী ও অধ্যাপকদের মধ্যে। বিজ্ঞানী ও গবেষকরা থিসিস পেশ করেছেন সেমিনারে। এদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নয় হাজার হেক্টর জমিতে তুলাইপাঞ্জি চাষ হয়। দক্ষিণ দিনাজপুর জেলার ২০০০ হেক্টর জমিতে প্রায় ১৫ হাজার কৃষক এবং উত্তর দিনাজপুর জেলার ৯ হাজার হেক্টর জমিতে ৫০ হাজার কৃষক এই তুলাইপাঞ্জি চাষ করেন। জিআই ট্যাগ পাওয়ার পর এবার ক্যাম্পাস থেকেই তুলাইপাঞ্জি চালের লোগো উদ্বোধন করা হল। কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তুলাইপাঞ্জির পাশাপাশি সুগন্ধি কালো নুনিয়া, কাটারি ভোগ এবং চিনিশক্কর ধান চাষের উপর জোর দিয়েছেন। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ডায়াবিটিস রোগীদের জন্য কাটারি ভোগ ও জাম আলু খাওয়া ভালো কি না এই বিষয়টি নিয়েও গবেষণা শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ