Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’মাস পার হলেও খোলা হল না ১২ কোটি টাকার টেন্ডার

দু’মাস পার হলেও খোলা হল না ১২ কোটি টাকার টেন্ডার
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে ১২ কোটি টাকার কাজের টেন্ডার হওয়ার পর দু’মাস পেরিয়ে গেলেও টেকনিক্যাল বিড খোলা  হচ্ছে না। এনিয়ে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, জেলা পরিষদে একাধিক কাজের জন্য টেন্ডারের নোটিস দেওয়া হয় আগস্টের শেষের দিকে। অংশগ্রহণের শেষ তারিখ ছিল ৯ সেপ্টেম্বর। নোটিস অনুযায়ী ১১ সেপ্টেম্বর টেকনিক্যাল বিড খোলার কথা থাকলেও সেই কাজ হয়নি।
Advertisement
অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) নবীন কুমার চন্দ্র বলেছেন, কেন সময়মতো টেন্ডার খোলা হয়নি খতিয়ে দেখছি। দ্রুত তদন্ত করে সমস্যার সমাধান করব। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের নিরিখে রাজ্যে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ অনেক নীচে পড়ে রয়েছে। জেলা পরিষদ থেকে প্রশাসনের কর্তারা জানলেও কেন দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তা নিয়ে এবার প্রশ্ন উঠছে।
এপ্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়ালের কথায়, আধিকারিকদের দ্রুত টেন্ডার খোলার নির্দেশ দিয়েছি। কোনওভাবে উন্নয়ন ব্যাহত হতে দেব না।
জেলা পরিষদের সদস্য তৃণমূলের মৃণাল সরকারের যুক্তি, টেন্ডারের সমস্ত প্রক্রিয়া অনলাইনে হয়। দেরি হওয়ার পিছনে কারও হাত নেই। হয়তো কোনও সমস্যা রয়েছে।
ঠিকাদারদের একাংশের অভিযোগ, জেলা পরিষদে কে কোন কাজ করবে, সেসব নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট। ১২ কোটি টাকার কাজ কোন কোন ঠিকাদার পাবে সেটাও ভাগ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হতেই পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ। সেই কারণেই টেকনিক্যাল বিড  খোলা হচ্ছে না বলে একাংশ ঠিকাদার দাবি করেছেন।
জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা অবশ্য এসব অভিযোগ উড়িয়ে বলেন,ছুটির জন্য অফিস বন্ধ থাকায় মনে হয় টেন্ডার খোলা হয়নি। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ