Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’জনকে অপহরণের অভিযোগ, ধৃত এক

দু’জনকে অপহরণের অভিযোগ, ধৃত এক
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বাইরে কাজে গিয়েছিলেন দুই শ্রমিক। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ থেকে বাড়ি ফিরতেই একটি গাড়ি করে তাঁদের অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বালুরঘাটে। মুক্তিপণ চাওয়া হয়েছে বলেও দাবি পরিবারের। না দিলে দু’জনকে ফেলার হুমকি দেয় অপহরণকারী। লিখিত অভিযোগ হতেই বালুরঘাট থানার পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে দু’জনকে উদ্ধার করেছে। 
Advertisement
ঘটনাটি  বালুরঘাটে চকভৃগু গোবিন্দপুর এলাকার। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সৌমেন মল্লিক (২৭)। বাড়ি তপন থানার গোফানগর গ্রামে। পরিবার সূত্রে খবর, অপহৃতরা হলেন বাপি সাহা ও সুকুমার মহন্ত। তাঁরা সেকেন্দ্রাবাদে থেকে গত সপ্তাহে বাড়ি ফেরেন। গত মঙ্গলবার ওই বাড়ির কাছেই ঠিকাদার সংস্থার সঙ্গে যুক্ত ওই অভিযুক্ত গাড়ি নিয়ে আসে। এরপর বাপি ও সুকুমারকে গাড়িতে চাপতে বলে সে। অভিযুক্ত পূর্ব পরিচিত হওয়ায় দুই যুবক গাড়িতে উঠতেই তাঁদের নিয়ে চলে যায় অভিযুক্ত। এরপর দুই যুবককে বাড়িতে আটকে রেখে দেড় লক্ষ টাকা মুক্তিপণ চায়। দুই যুবকের পরিবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিস অভিযুক্তদের মোবাইল নম্বর ট্র্যাক করে জেলা থেকেই দু’জনকে উদ্ধার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। তবে কী কারণে এই অপহরণ, তা নিয়ে ধন্দে পরিবার। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, অপহরণের অভিযোগ পেয়েই মামলা রুজু করা হয়েছে। পুলিস দু’জনকে উদ্ধার করেছে। একজনকে গ্রেপ্তার করে তদন্ত চলছে। 
সম্পর্কিত সংবাদ