সংবাদদাতা, বাগডোগরা: দু’বছরের প্রেমে অশান্তি। প্রেমিকা বিষ খেয়েছে শুনে আত্মঘাতী হল ১৯ বছরের যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাটিগাড়া বিটি রনদীপ কলোনীতে। সোমবার যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে তার বন্ধুরা ভিড় করেন মেডিকেলের মর্গে। মৃত যুবকের বন্ধু পল্লব সরকার জানিয়েছেন, মৃতের নাম অরুণ বসাক (১৯)। তাঁর এই বন্ধুটি একটি মেয়ের সঙ্গে দু’বছর ধরে সম্পর্কে ছিল। তাদের দু’জনের মধ্যে অশান্তি বাঁধে। ওই যুবকের কাছে খবর আসে, তার প্রেমিকা বিষ খেয়েছে। এরপর রবিবার বিকেল সাড়ে তিনটা থেকে চারটা নাগাদ নিজের ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে অরুণ। তাঁর আরও দুই বন্ধু রাজ মৈত্র এবং মহম্মদ সাহিল জানান, আমাদের সঙ্গেও ওর কথা হয়েছিল। তবে একটু মানসিক চাপে ছিল সে। তবে এই ধরনের পদক্ষেপ নিতে পারে, আমরা তা কল্পনাও করতে পারিনি।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরুণরা দুই ভাই। সে বাড়ির বড় ছেলে। বাবা ১০বছর আগেই মারা গিয়েছেন। মা বহুদিন ধরেই সন্তানদের সঙ্গে থাকেন না। বাড়িতে ছোট ভাই ও অরুণ থাকতেন। যদিও, পরিবার বলতে ঠাকুমা রয়েছে তাঁর। অরুণ মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করতেন। এই ঘটনার পর প্রথম তাঁর ভাই দাদাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সকলকে খবর দেন। এরপর পুলিস ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পল্লব বলেন, সেই খবর পেয়েই এদিন সব বন্ধুরা মিলে হাসপাতালে এসেছি। ঘটনায় ভেঙে পড়েছেন মৃতের বন্ধুরা। যেই অরুণ তাদের হাসি-খেলা আড্ডা দিত, তাকে আর দেখতে পারবেন না ভেবেই শোকে বিহ্বল তারা। সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এছাড়াও এদিন মেডিকেলের মর্গে আরও দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়।



