Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’বছরেই পিচ উঠে রাস্তা বেহাল

দু’বছরেই পিচ উঠে রাস্তা বেহাল
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: সংস্কারের দু’বছরের মাথায় ভেঙে গিয়েছে গ্রামীণ রাস্তা। ৫ কিমি রাস্তার বিভিন্ন অংশে পিচের চাদর উঠে পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই বেহাল রাস্তায় চলতে গিয়ে দুর্ভোগে পড়ছে দুইটি গ্রাম পঞ্চায়েতের কয়েকহাজার পরিবার। মালদহের চাঁচল ২ ব্লকের মানিকনগর মোড় থেকে গৌরহন্ডগামী হারোহাজরা নেহালপুর এলাকায় এভাবেই বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তাটি। অভিযোগ, দু’বছর কাটলেও সংস্কার হয়নি রাস্তা। গৌরহন্ড ও ভাকরি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা এই রাস্তা। চাঁচলে হাটেবাজারে, চিকিৎসা, শিক্ষা সহ জীবিকা নির্বাহ করতে আসেন সকলে। সেই রুটে গণপরিবহণ বলতে একমাত্র টোটোই ভরসা। অভিযোগ,রাস্তা বেহালের জেরে একাধিকবার টোটো উল্টে দুর্ঘটনা ঘটেছে। মাবুদ মিয়াঁ নামে এক বাসিন্দার দাবি, এলাকা থেকে রোগী বা প্রসূতিদের হাসপাতালে নিয়ে গেলে এবড়ো খেবড়ো রাস্তায় নাজেহাল হতে হয় তাঁদের। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর এক বাসিন্দা মেরাজ আলি বলেন, রাস্তায় যেভাবে পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। একই বক্তব্য টোটোচালক ইজাজুদ্দিন শেখেরও। মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন,উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মধ্য দিয়ে রাস্তাটি যাতে মেরামত হয়,সেই চেষ্টা করা হবে।  পিচ উঠে বেহাল রাস্তা।- নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ