Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’বছরে তৈরি হল না নতুন বাসস্ট্যান্ড

দু’বছরে তৈরি হল না নতুন বাসস্ট্যান্ড
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল সদরের যানজট সমস্যা না মেটায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। তাঁদের দাবি, যানজটের আসল কারণ হল জাতীয় সড়কের এক প্রান্তে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কাজি নজরুল ইসলাম বাস টার্মিনাস। পরিস্থিতি মোকাবিলায় সেখান থেকে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। দুই বছর গড়ালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
Advertisement
চাঁচল সদরে ৩১ নং জাতীয় সড়কের এক প্রান্তে রয়েছে কাজি নজরুল বাস টার্মিনাস। গাজোল ও রতুয়া রুটে সেখান থেকে প্রতিদিন ১২০ টি ও রায়গঞ্জ রুটে আটটি বেসরকারি বাস চলাচল করে। এছাড়া হরিশ্চন্দ্রপুর, কুশিদা ও স্বরূপগঞ্জ রুটে একাধিক ছোট যান চলাচল করে সেখান থেকে। যাত্রী তোলা, নামানো এবং গাড়ি ঘোরানোর সময় জাতীয় সড়কই ব্যবহার করা হচ্ছে। তখন দুই প্রান্তে অন্যান্য গাড়ি আটকে পড়ে। গত মঙ্গলবার একটি বাস দাঁড় করানোর সময় ধাক্কা লেগে এক বাইক চালক পড়ে যান। স্কুল টাইমেও যানজটে ভোগান্তি পোহাতে হয় পড়ুয়াদের। চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী বলেন, দু’বছর ধরে শুনছি বাসস্ট্যান্ড সরানো হবে। কিন্তু একটুও কাজ এগয়নি। অনেক সময় ছাত্রছাত্রীরা যানজটের জন্য সময়ে স্কুলে পৌঁছতে পারে না। 
এই রুট দিয়ে প্রতিদিন গাড়ি নিয়ে যান মালদহ জেলা পরিষদের সহকারি সভাধিপতি রফিকুল হোসেন। তাঁর কথায়, মাঝে মাঝে যানজটে আটকে পড়ি। নতুন বাসস্ট্যান্ডের জন্য প্রশাসন জমি দেখছে। জমিজট থাকায় এতদিন কাজ হয়নি। দ্রুত কাজ শুরু করার বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করব। মালদহ বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের চাঁচলের চেন মাস্টার প্রদীপ চট্টোপাধ্যায় বলেছেন, আমাদের জন্য সাধারণ মানুষের সমস্যা হোক, সেটা কখনই চাই না। প্রশাসন এতদিনেও স্ট্যান্ড সরাতে পারল না। বাসস্ট্যান্ডে ফুটপাতে অনেক দোকান হয়ে যাওয়ায় আমাদেরও সমস্যা হচ্ছে।
চাঁচলের মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায় বলেন, নতুন বাসস্ট্যান্ড করার জন্য চাঁচলের একটি জায়গা চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। জমি নিয়ে সবুজ সঙ্কেত মিললেই পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
সম্পর্কিত সংবাদ