সংবাদদাতা, বর্ধমান: দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরা থেকে যাত্রীর মোবাইল ও টাকা চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান জিআরপি। ধৃতের নাম শেখ মনসুর। বাড়ি বর্ধমান থানার হটুদেওয়ান পিরতলা এলাকায়। জিআরপি জানিয়েছে, মঙ্গলবার ভোরে বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের শোওয়ার ঘর থেকে দু’টি চোরাই মোবাইল উদ্ধার হয়েছে। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। টাকা এবং অন্য জিনিসপত্র উদ্ধার করতে তাকে তিনদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় জিআরপি।



