নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ফুট পেট্রোলিং’-এর মাধ্যমে বিস্তীর্ণ রেলওয়ে ট্র্যাকের সব অংশে নজরদারি চালানো সম্ভব নয়। তাছাড়া, রেললাইনের পাশে বেশিরভাগ অংশই আগাছায় ঢেকে থাকে। এই পরিস্থিতির সুযোগ নিতে পারে দুষ্কৃতীরা। নাশকতার আশঙ্কাও থাকে। কারণ, কারও সন্দেহজনক গতিবিধি সহজে নজরে আসে না। এর পাশাপাশি, অতিরিক্ত ভিড়ের সময় স্টেশনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের অবস্থা জানতে হিমশিম খেতে হয় আরপিএফ ও রেল পুলিশকে। এই ধরনের সমস্যা মোকাবিলায় এবার আসছে ড্রোন প্রযুক্তি। প্রাথমিকভাবে হাওড়াসহ কয়েকটি স্টেশনে ড্রোন ক্যামেরায় নজরদারির সিদ্ধান্ত হয়েছে। তার জন্য ইতিমধ্যে ড্রোন ক্যামেরাগুলি আরপিএফের হাতে এসে গিয়েছে বলে খবর। দ্রুত সেগুলির ব্যবহার শুরু হবে।
জিআরপির তরফে বারবার বলা হচ্ছিল, সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনে নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। বিভিন্ন ক্ষেত্রে তাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। রেল ট্র্যাককে সুরক্ষিত রাখতে হবে। এর জন্য প্রযুক্তি ব্যবহার করতে হবে। ড্রোনসহ উন্নতমানের যন্ত্রপাতি কেনা জরুরি। চলতি বছরের অক্টোবর মাসে দিল্লিতে আরপিএফের ডিজি পর্যায়ের কনফারেন্সে রাজ্যের বিভিন্ন স্টেশনের সুরক্ষার বিষয়টি উঠে আসে। দিল্লি, মুম্বইয়ের মতো হাওড়া স্টেশনেও নিরাপত্তা বাড়াতে উন্নত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়। কারণ, এখান থেকে প্রায় সবকটি রাজ্যের ট্রেন ছাড়ে। সেই সঙ্গে স্টেশনে ভিড়ও অত্যন্ত বেশি থাকে। সেকথা মাথায় রেখে ড্রোন উড়িয়ে নজরদারির পরিকল্পনা হয়। ড্রোন ক্যামেরার মাধ্যমে স্টেশন, তার সংলগ্ন এলাকা, ভিড়ের গতিপ্রকৃতির উপর নজরদারি চালানো যাবে অনেক সহজে। কোনো সন্দেহজনক গতিবিধি নজরে এলে বা নিরাপত্তা সংক্রান্ত কোনও ফাঁকফোকর থাকলে সেটিও ধরা পড়বে ওই ক্যামেরায়। পাশাপাশি, রেলওয়ে ট্র্যাকের একটা বড়ো অংশে নজরদারি চালানো যাবে এই প্রযুক্তির মাধ্যমে। কোনো জঙ্গি সংগঠন লাইনে বিস্ফোরক রেখে নাশকতার চেষ্টা করলে তাও ধরা পড়ে যাবে। সূত্রের খবর, এখনও পর্যন্ত পাঁচটি ড্রোন আরপিএফের হাতে এসেছে। হাওড়া, আসানসোলের মতো স্টেশনে এগুলি কাজে লাগানো হবে। আগামী কয়েকমাসের মধ্যে সমস্ত বড়ো স্টেশনে পৌঁছে যাবে ড্রোন ক্যামেরা। ধাপে ধাপে মাঝারি ও ছোটো স্টেশনগুলিতেও ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি শুরু হবে বলে খবর।



