Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ড্রোন, সিসি ক্যামেরায় চলবে কড়া নজরদারি

ড্রোন, সিসি ক্যামেরায় চলবে কড়া নজরদারি
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: ছটপুজোয় অপ্রীতিকর ঘটনা রুখতে জেলাজুড়ে বিভিন্ন ঘাটে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। বসানো হচ্ছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে বলে জানাল জেলা পুলিস।  এছাড়াও সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, বিপর্যয় ব্যবস্থাপনা এবং কুইক রেসপন্স টিম মোতায়েন করা হবে। তাঁদের কাজ হবে পুজো চলাকালীন নদীতে নজরদারি করা।
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় ছোট, বড় মিলিয়ে ছটপুজোর ঘাট ১৯৫টি।  হাজারের বেশি মানুষের সমাগম হয় ৩৫টি ঘাটে।  জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া সোমবার বলেন, মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে সতর্কতামুলক সব ব্যবস্থা করা হয়েছে। উত্সব নির্বিঘ্নে করতে প্রশাসন সতর্ক নজর রাখবে। 
অপ্রীতিকর ঘটনা এড়াতে বিডিওরা পুলিস, প্রশাসনকে নিয়ে সমস্ত ঘাট এবং তার পার্শ্ববর্তী এলাকায় ব্যারিকেড দেওয়া নিশ্চিত করবেন। সব ঘাটে  যাতায়াতের রাস্তায় পর্যাপ্ত আলো বসানো হয়েছে। পোশাক বদলানোর জন্য অস্থায়ী ঘর এবং বাথরুম ছাড়াও জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ পানীয় জলের পাউচ ও ট্যাঙ্কারের বন্দোবস্ত করছে। ৬ থেকে ৮ নভেম্বর ২৪ ঘণ্টা চালু থাকবে কন্ট্রোল রুম। 
ছটপুজোর ঘাটে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর বিষয়টি নিশ্চিত করতে পরিদর্শন এবং প্রয়োজনে শব্দবাজির ব্যবহার রুখতে তল্লাশি করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। 
পথ দুর্ঘটনা এড়াতে ছটঘাটে যাতায়াতের রাস্তায় প্রয়োজন অনুযায়ী মেরামতির কাজ শুরু করেছে দপ্তর। এছাড়াও বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বণ্টন সংস্থাকে সব রকমের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন জেলাশাসক। 
নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই দু’দফা বৈঠক করেছে জেলা প্রশাসন। সেখানে পুলিস, প্রশাসনের পাশাপাশি সমস্ত লাইন ডিপার্টমেন্ট, জেলার সমস্ত বিধায়ক, দুই পুরসভার চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। 
সোমবার বিকেলে ইংলিশবাজারে মহানন্দার পারে ছটপুজোর ঘাট পরিদর্শনে গিয়েছিলেন চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার ‍যার, উৎসব সবার। তাই আয়োজনে যাতে কোনও সমস্যা না হয়, সবসময় নজর রাখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ