সংবাদদাতা, বহরমপুর: অফিস থেকে বাড়ি ফেরার পথে মাথা ঘুরে মোটরবাইক থেকে পড়ে মৃত্যু হল এক বিমা সংস্থার এজেন্টের। সোমবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল আনার পথে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম অসীম প্রামাণিক (৪৪)। বাড়ি রানিনগর থানার আমিনাপাড়া। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবারের দাবি উচ্চ রক্তচাপজনিত কারণেই মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, অসীমবাবু বিমা সংস্থার ইসলামপুর ব্রাঞ্চের এজেন্ট হিসাবে কাজ করতেন। সোমবার সন্ধ্যায় অফিসের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। মোটরবাইক চালাচ্ছিলেন তাঁর বন্ধু তন্ময় মণ্ডল। ইসলামপুর শেখপাড়া রাজ্য সড়কের উপর দূর্লভপুরে মাথা ঘুরে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে উদ্ধার করে ইসলামপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত সাড়ে ৮টা নাগাদ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।



