Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডিরেক্টর পদ নিয়ে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে, সমাধানে কি ভোটাভুটি?

ডিরেক্টর পদ নিয়ে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে, সমাধানে কি ভোটাভুটি?
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কাঁথি: কাঁথিতে তৃণমূলের দুই গোষ্ঠীর সঙ্ঘাতের জেরে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কে ডিরেক্টর পদে ভোটাভুটি অনিবার্য হয়ে পড়ছে। আজ, সোমবার ১৫টি ডিরেক্টর পদে মনোনয়ন তোলা হবে। জমা দিতে হবে মঙ্গলবার। শাসক দলের দুই শিবির থেকেই আলাদা করে মনোনয়নপত্র তোলার প্রস্তুতি চলছে। রবিবার কাঁথিতে এনিয়ে দু’পক্ষ প্রস্তুতি সেরে ফেলে। গত ১৫ ডিসেম্বর প্রতিনিধি (ডেলিগেট) নির্বাচনেও দলের নির্দেশ উপেক্ষা করে বিভিন্ন আসনে একাধিক নেতা গোঁজ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে আগামী ৩১ জানুয়ারি ডিরেক্টর পদে নির্বাচনে ভোটাভুটি নিশ্চিত হয়ে পড়ছে বলেই মনে করা হচ্ছে। শাসক দলের দুই শিবিরই দু’টি পৃথক প্যানেলে প্রার্থীদের দাঁড় করিয়ে মুখোমুখি হতে পারেন বলেও কাঁথিতে জোর গুঞ্জন চলছে।
Advertisement
কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কে নির্বিবাদে ডিরেক্টর বাছাই করতে কলকাতায় পূর্ব মেদিনীপুরের নেতাদের নিয়ে ম্যারাথন মিটিং হয় ৯ জানুয়ারি। সেখানে দুই সাংগঠনিক জেলা সভাপতি এবং জেলার তৃণমূল বিধায়করা ছিলেন। সুব্রত বক্সি, রাজীব বন্দ্যোপাধ্যায় ও সমবায় সেলের নেতা আশিস চক্রবর্তীদের উপস্থিতিতে একটা তালিকা প্রস্তুত হয়। সেটি অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়। কিন্তু, ওই তালিকায় সভাধিপতি উত্তম বারিক শিবিরের তুলনায় অখিল গিরি গোষ্ঠীর প্রতিনিধিরা গুরুত্ব পেয়েছেন। ওই তালিকা নিয়ে অসন্তুষ্ট জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পণ্ডা। ওই সভায় জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তরুণ জানা এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি হাজির থাকায় অখিল বিরোধী গোষ্ঠী থেকে আপত্তি জানানো হয়।
সভাধিপতির শিবির থেকে ওই তালিকা নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আপত্তি জানানো হয়েছে। এরপরই রবিবার সন্ধ্যায় দুই মেদিনীপুরের বেশ কয়েকজন বিধায়কের উপস্থিতিতে কাঁথিতে মিটিং হয়। সেখানে সভাধিপতি শিবির থেকে আলাদা প্যানেল জমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরফলে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনে ভোটাভুটি একপ্রকার নিশ্চিত হওয়ার পথে। কোলাঘাট, নন্দকুমার, খেজুরি, বেলদা, রামনগর এবং কাঁথির পাঁচটি কেন্দ্রে দুই শিবির থেকে মনোনয়ন তোলা হবে বলে খবর। গোটা ঘটনায় কাঁথিতে শাসক দলের দুই শিবিরের মধ্যে টান টান উত্তেজনা রয়েছে। কোলাঘাটে একটি ডিরেক্টর পদে দলের দু‌ই ঩শিবিরের বাজি দুই নেতা। তাঁরা হলেন অসিত সাহা ও নির্মল খাঁড়া। একইভাবে নন্দকুমারে আসনে দিব্যেন্দু রায় এবং প্রদীপ দে-র মধ্যে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একইভাবে হেঁড়িয়া কেন্দ্রে অমিয়কান্তি ভট্টাচার্য ভার্সেস মানব পড়ুয়া। রামনগর কেন্দ্রে মীর মমরেজ আলির বিপক্ষে তৃণমূলের ব্লক যুব সভাপতি অরুণ দাস সভাধিপতি শিবিরের বাজি। কাঁথি-৫নম্বর কেন্দ্রে তরুণ জানা ও মামুদ হোসেনের বিপক্ষে মনোনয়ন তুলতে পারেন চিন্তামণি মণ্ডল ও শ্যামামিশ মিশ্র। এভাবেই বিভিন্ন জায়গায় দুই শিবির থেকে আলাদা প্রার্থী লড়িয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেন, কন্টাই কোঅপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর পদে সোমবারই মনোনয়ন তোলার দিন। রাজ্য থেকে অনুমোদন হওয়া তালিকা এসে পৌঁছবে বলে আমাদের ধারণা। আমরা সকলে সেই তালিকার অপেক্ষায় রয়েছি। রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন, ডিরেক্টর পদে কারা অংশ নেবেন তানিয়ে একটা মিটিং হয়েছে। সেখানে একটা তালিকা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী অনুমোদনের জন্য ওই লিস্ট পাঠানো হয়েছে। অনুমোদনের পর আমাদের কাছে পৌঁছে যাবে। আমাদের আশা, প্রত্যেকেই দলের নির্দেশ মেনে চলবেন।
সম্পর্কিত সংবাদ