Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দার্জিলিংয়ের কমলা বলে শিলিগুড়ির বাজারে বিক্রি হচ্ছে ভিনরাজ্যের লেবু

দার্জিলিংয়ের কমলা বলে শিলিগুড়ির বাজারে বিক্রি হচ্ছে ভিনরাজ্যের লেবু
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: শীত পড়তেই শিলিগুড়ির বাজারে ছেয়ে গিয়েছে কমলালেবু। আর কমলালেবু বলতে সকলে দার্জিলিংয়ের সুমিষ্টি কমলাকেই বোঝেন। কিন্তু দার্জিলিংয়ের কমলালেবু বলে যা কিনছেন তা সত্যিই কি দার্জিলিংয়ের? 
Advertisement
শিলিগুড়ি শহরে সর্বত্র ঢালাও কমলালেবু বিক্রি হচ্ছে, বিভিন্ন দামে। কোথাও ৭০ কোথাও ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরে। দার্জিলিংয়ের কমলা বলা হলেও এর অধিকাংশই নাগপুর ও অরুণাচলপ্রদেশের। আপাতদৃষ্টিতে চেনা কঠিন কোনটা দার্জিলিং আর কোনটা নাগপুর বা অন্য জায়গার। ব্যবসায়ীরা বুঝতে পারলেও সাধারণ মানুষ সহজে বুঝতে পারে না। 
শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের ফল ব্যবসায়ী রঞ্জিত প্রসাদ বলেন, দার্জিলিং কমলালেবুর জোগান কম। এখন দিনে খুব বেশি হলে এক লক্ষ করে কমলা আসছে। পাঁচ-ছয় বছর আগে দিনে ১০-১৫ লক্ষ কমলালেবু আসত। দার্জিলিংয়ের কমলালেবু জোগান কম থাকায় বাজারে চাহিদা ও দাম উভই বেশি। সেই চাহিদা পূরণের জন্য বাজার দখল করেছে নাগপুর সহ অন্যান্য জায়গার কমলা। এর দামও তুলনায় কম। কলকাতা সহ অন্য জায়গাতেও নাগপুরের কমলা ভরে গিয়েছে। তাই এখন এই সামান্য জোগান থেকে দার্জিলিংয়ের কমলালেবু কলকাতায় পাঠানো হচ্ছে না বলেই জানান রঞ্জিত প্রসাদ। তিনি বলেন, জানুয়ারি থেকে দার্জিলিংয়ের কমলার জোগান বাড়তে শুরু করবে। নাগপুরের সহ অন্যান্য জায়গার কমলালেবু ধীরে ধীরে বাজারে কমে আসবে। তখন কলকাতায় দার্জিলিংয়ের কমলালেবু এখান থেকে যাবে। শিলিগুড়ির বাজারেও মিলবে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, তাহলে দার্জিলিংয়ের কমলা চেনার উপায় কী? রঞ্জিত প্রসাদ, শ্যামল পাল, অরুণাভ দাসের মতো ফল ব্যবসায়ীরা দার্জিলিংয়ের কমলা চেনার উপায়  বলে দিয়েছেন। তাঁরা বলেন, দার্জিলিংয়ের কমলার খোসা নরম, পাতলা ও মসৃণ। অন্যান্য জায়গার কমলার খোসা শক্ত, মোটা এবং খসখসে। উজ্জ্বলভাবও কম। দার্জিলিংয়ের কমলার খোসা সহজেই ছাড়ানো যায়। কোয়া অনায়াসে বেরিয়ে আসে। নাগপুর বা অন্যান্য জায়গার কমলারর খোসা পুরু এবং খসখসে হয়, তা  সহজে খোলা যায় না। কোয়া সহজে আলাদা করা যায় না। আর দার্জিলিংয়ের কমলালেবু মিষ্টি। কিন্তু নাগপুর বা অন্যান্য জায়গার কমলা খুববেশি মিষ্টি নয়। রসও তুলনামূলক কম থাকে। 
সম্পর্কিত সংবাদ