Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দার্জিলিংয়ে স্ত্রীকে পিটিয়ে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

দার্জিলিংয়ে স্ত্রীকে পিটিয়ে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পারিবারিক বিবাদের জেরে স্ত্রী মিতা রাইকে (৪৩) নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। ঘটনার ২০ মাসের মাথায় দোষী সাব্যস্ত স্বামী চন্দ্রপ্রকাশ রাই(৫৩)কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত।  সোমবার দার্জিলিয়ের জেলা কোর্টের জেলা জজ জীমূতবাহন বিশ্বাস ওই আদেশ দিয়েছেন। বিচারক মামলার রায় দিতে গিয়ে ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও নৃশংস বলে এজলাসে মন্তব্য করেছেন। রায়দানের আগে ওই অপরাধী কম সাজার পক্ষে সওয়াল করেন। যদিও তার জোরালো আপত্তি জানান সরকারি কৌঁসুলি প্রণয় রা‌ই। তিনি বলেন, ‘আদালতে খুনের অভিযোগ সবদিক থেকে প্রমাণিত হয়েছে। এই রায়ে আমরা খুশি।’ আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে ৯ এপ্রিল রাতে হত্যাকাণ্ডটি ঘটে দার্জিলিং জেলার জোড়বাংলো থানা এলাকায়। পারিবারিক বিবাদ ঘিরে গণ্ডগোলের মধ্যেই অপরাধী স্বামী বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন স্ত্রীকে। এরপর তাঁকে ঘরের সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়। যাতে মনে করা হয় ওই মহিলা আত্মহত্যা করেছেন। ওই ঘটনার পর মৃতার বাবা পুলিসে অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিস নির্যাতন, খুন ও সাক্ষ্য‑প্রমাণ লোপাটের অভিযোগ এনে মামলা দায়ের করে। 
Advertisement
তদন্ত শেষ করে তদন্তকারী পুলিস অফিসার রোহিত ওরাং আদালতে চার্জশিট পেশ করেন। মামলায় চার্জ গঠন করে শুরু হয় মূল মামলার বিচার। আদালতে সাক্ষ্য দেন মোট ১৮জন। দীর্ঘ শুনানির শেষে বিচারক অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। তবে এই মামলায় নির্যাতন ও সাক্ষ্য‑প্রমাণে লোপাটের অভিযোগের প্রমাণ মেলেনি। সরকারি কৌঁসুলি বলেন, জেলা জজের এজলাসে একটি হত্যা মামলায় এত দ্রুত শুনানি এক কথায় উল্লেখযোগ্য ঘটনা। তিনি বলেন, ঘটনার গুরুত্ব অনুধাবন করে আদালত ধৃতের জামিনের আর্জি একাধিকবার বাতিল করে দেয়।                                                                                               
সম্পর্কিত সংবাদ