Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দার্জিলিংয়ে সেলফি তুলতে গিয়ে খাদে পড়ে মৃত্যু পর্যটকের

দার্জিলিংয়ে সেলফি তুলতে গিয়ে খাদে পড়ে মৃত্যু পর্যটকের
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও শিলিগুড়ি: বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়ে বিপত্তি। মর্মান্তিক মৃত্যু হল মুর্শিদাবাদের এক যুবকের। শনিবার দার্জিলিংয়ে খাদে পড়ে গিয়ে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার যুবক আলাহীন শেখের (১৮) মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে।
Advertisement
মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, চার মাস আগে এলাকার আরও কয়েকজন যুবকের সঙ্গে শিলিগুড়িতে শ্রমিকের কাজে নিযুক্ত হন আলাহীন। দিন দু’য়েকের জন্য ছুটি পেয়েছিলেন। শনিবার সকালে একটি গাড়ি ভাড়া করে কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি দার্জিলিং এবং আশপাশের এলাকায় ঘুরতে যান। সেখানেই অসতর্কতায় পাহাড় থেকে পড়ে আলাহীনের মৃত্যু হয়। খবর পাওয়া মাত্র হরিহরপাড়া থেকে তাঁর কয়েকজন আত্মীয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছন।
এদিকে প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পাহাড়ে ঘুরতে গিয়ে সেলফি তুলতে গিয়ে খাদে পড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। কয়েকজন প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে তিনি পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। রবিবার তাঁর মৃতদেহের ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।  পুলিস জানিয়েছে, পাহাড়ে ঘুরতে এসে সেলফি তুলতে গিয়ে বা রিলস বানাতে গিয়ে এমন দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটছে। 
সম্পর্কিত সংবাদ