Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দার্জিলিং জেলায় ১৭৪৩ জন নাবালিকা গর্ভবতী! উদ্বেগের চিত্র শিলিগুড়িতেও

দার্জিলিং জেলায় ১৭৪৩ জন নাবালিকা গর্ভবতী! উদ্বেগের চিত্র শিলিগুড়িতেও
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কিশোরী অবস্থায় গর্ভবতীর হার উদ্বেগজনক! প্রশাসন সূত্রের খবর, মাত্র ন’মাসে দার্জিলিং জেলায় গর্ভবতী ১৭৪৩ জন কিশোরী। এমন কিশোরীর সংখ্যা জেলার সমতলভাগ শিলিগুড়িতে সর্বাধিক, ১৩৪৮ জন। তাদের বয়স ১২ থেকে ১৮’র মধ্যে। গোপনে নাবালিকাকে বিয়ে দেওয়ার জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে সন্দেহ। এর মোকাবিলায় ময়দানে ঝাঁপিয়েছে প্রশাসন। তারা এব্যাপারে স্কুলে স্কুলে ক্যাম্প করছে। এমনকী গ্রামে গ্রামে ‘কন্যাশ্রী যোদ্ধা’ টিম গঠনেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
Advertisement
অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনির্বাণ চট্টোপাধ্যায় বলেন, বিভিন্ন কারণে কিশোরীরা গর্ভবতী হচ্ছে। তা রুখতে স্কুল স্তর থেকে সচেতনতা শিবির করা হচ্ছে। শিবিরে পুলিস, প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা হাজির থাকছেন। এমনকী নাবালিকা বিয়ে, যৌন নির্যাতন, পাচার প্রভৃতি ঘটনার মোকাবিলা করতে গ্রামে গ্রামে গড়া হচ্ছে কন্যাশ্রী যোদ্ধা টিম। ইতিমধ্যে এব্যাপারে মাটিগাড়া ব্লকে সভা করা হয়েছে।
শিশু সুরক্ষা নিয়ে অনেকদিন ধরেই তৎপর প্রশাসন। তা সত্ত্বেও দার্জিলিং জেলায় কিশোরী অবস্থায় গর্ভবতীর হার তেমনভাবে কমেনি। প্রশাসন সূত্রের খবর, ২০২৩-’২৪ আর্থিক বর্ষের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত জেলায় গর্ভবতী হয়েছেন ২১ হাজার ৯১৭ জন মহিলা। যার মধ্যে কিশোরীর সংখ্যা ১৭২৭ জন। যা মোট গর্ভবতীর মধ্যে ৭.৮৮ শতাংশ। ২০২৪-’২৫আর্থিক বর্ষের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত গর্ভবতী মহিলার সংখ্যা ২২ হাজার ৯১৪ জন। যারমধ্যে কিশোরীর সংখ্যা ১৭৪৩ জন। যা মোট গর্ভবতীর ৭.৬১ শতাংশ। এনিয়ে প্রশাসনের কর্তারা রীতিমতো উদ্বিগ্ন। এজন্য তারা এবার সচেতনতামূলক প্রচার অভিযানের কৌশল কিছুটা বদল করেছে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, বিভিন্ন কারণে কিশোরীরা গর্ভবতী হচ্ছে। কেউ কেউ যৌন নির্যাতনের শিকার হচ্ছে। আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসাধু চক্রের ফাঁদে পড়ে বিপথগামী হচ্ছে। আবার কখনও কখনও নাবালিকাকে বিয়ে দিয়ে দিচ্ছে পরিবার। এসব ঘটনা রুখতে এবার স্কুলে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক শিবির করা হচ্ছে। তাদেরকে শিশুর অধিকার সম্পর্কে বোঝানো হচ্ছে। পাশাপাশি, নাবালিকা বিয়ে, সাইবার অপরাধের বিরুদ্ধে বোঝান হচ্ছে। নিয়মিত ওই ছাত্রছাত্রীদের সঙ্গে সভা করা হবে। শীঘ্রই গ্রামে গ্রামে ছাত্রীদের নিয়ে গঠন করা হবে ‘কন্যাশ্রী যোদ্ধা টিম’। সংশ্লিষ্ট টিমের সদস্যরা গ্রামের কিশোরীদের সম্পর্কে খোঁজ রাখবে। তারা অস্বাভাবিক কিছু লক্ষ্য করলেই পুলিস ও ব্লক প্রশাসনকে বিস্তারিতভাবে জানাবে। এজন্য টোল ফ্রি ১০৯৮ ফোন নম্বর চালু করা হয়েছে। এছাড়া গ্রামেগঞ্জে নাচ, গান ও নাটকের মাধ্যমেও নাবালিকা বিয়ের বিরুদ্ধে প্রচার চালানো হবে।
প্রশাসন সূত্রের খবর, স্বাস্থ্যদপ্তরের রিপোর্টের ভিত্তিতে এবার এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত জেলায় গর্ভবতী কিশোরীর সংখ্যা ১৭৪৩ জন। এমন কিশোরীর সংখ্যা শিলিগুড়ি শহরে ২৫৭, মাটিগাড়ায় ১৬১, নকশালবাড়িতে ৭৩ এবং ফাঁসিদেওয়ায় ১৯৪ জন রয়েছে। এর বাইরে শিলিগুড়ি জেলা হাসপাতালে গর্ভবতী অবস্থায় এসেছে ৬৩৩ জন। অর্থাৎ জেলার সমতলভাগে গর্ভবতী কিশোরীর সংখ্যা ১৩৪৮জন। তাছাড়া, পাহাড়ে গর্ভবতী কিশোরীর সংখ্যা ৮৭ জন। আর বেসরকারি হাসপাতালে গর্ভবতী অবস্থায় ভর্তি হয়েছে ৩০৮ জন কিশোরী।
সম্পর্কিত সংবাদ