Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইক-ক্যাবে ধাক্কা, ট্রাফিক কিয়স্ক ভাঙলেন গাড়িচালক

বাইক-ক্যাবে ধাক্কা, ট্রাফিক কিয়স্ক ভাঙলেন গাড়িচালক
  • ২৭ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০ এপ্রিল, রবিবার রাতে গার্ডেনরিচ ফ্লাইওভারের উপর জয়রাইডের বলি হয় ১৭ বছরের এক যুবক। মাসখানেক পর ফের মধ্যরাতের জয়রাইডে ভয়াবহ দুর্ঘটনা। এবার ঘটনাস্থল মধ্য কলকাতার টি বোর্ড। প্রথমে বাইক ও অ্যাপ ক্যাবে, তারপরে ট্রাফিক কিয়স্কে ধাক্কা দিল একটি গাড়ি। তাতে মৃত্যু হয়েছে বাইকআরোহীর। দুই গাড়ির যাত্রী ও বাইক মিলিয়ে জখমের সংখ্যা মোট আটজন। 

Advertisement

রবিবার রাত ১টা নাগাদ ব্র্যাবোর্ন রোডের উপর দুর্ঘটনাটি ঘটে। ওই রাতে একটি ব্যক্তিগত গাড়িতে চড়ে জয়রাইডে বের হন চার তরুণ। স্টিয়ারিংয়ে ছিলেন মহম্মদ আওয়াইফ খান (২১)। তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন দুই বান্ধবী ও এক বন্ধু। এজরা স্ট্রিটের দিকে ফিরছিলেন তাঁরা। গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে ছিল। টি-বোর্ড ক্রসিংয়ে সিগন্যাল লাল থাকলেও তা মানেনি গাড়িটি। ট্রাফিকবিধি লঙ্ঘন করে চালানোর চেষ্টা করার ফলে অন্যদিকে থেকে আসা একটি ক্যাবকে ধাক্কা দেয় গাড়িটি। তাতে চালক ছাড়া একজন যাত্রী ছিলেন। ব্রেক কষেও গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেননি ক্যাবচালক। দু’টি গাড়ির প্রায় মুখোমুখি সংঘর্ষ হয়। তখনই পাশ দিয়ে যাচ্ছিল একটি বাইক। সেই বাইকেও ধাক্কা দেয় গাড়িটি। বাইক থেকে ছিটকে পড়েন চালক ও দুই আরোহী। পুলিস জানিয়েছে, কারও মাথাতেই হেলমেট ছিল না। রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান এক বাইকআরোহী। তাঁর নাম রবি জয়েশওয়াল (৩৬)। হাওড়ার টিকিয়াপাড়ার বাসিন্দা তিনি। 
এদিকে, অ্যাপ ক্যাব ও বাইকে ধাক্কা দিয়েও গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেননি চালক মহম্মদ আওয়াইফ। এরপর সরাসরি ট্রাফিক গার্ডের একটি কিয়স্কে ধাক্কা দেয় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ট্রাফিক গার্ড ও হেয়ার স্ট্রিট থানার পুলিস। রক্তাক্ত অবস্থায় রবিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বাকি আহতদের এসএসকেএম ও কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তর করে পুলিস। প্রাথমিক চিকিৎসার পর বাকি আটজন আহতকেই ছেড়ে দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। পুলিস জানিয়েছে, দুর্ঘটনার জেরে অ্যাপ ক্যাব ও ব্যক্তিগত গাড়ির বনেট দুমড়ে-মুচড়ে গিয়েছে। দুর্ঘটনা কবলিত বাইক ও গাড়িগুলিকে আটক করেছে পুলিস। ঘাতক গাড়িচালককে আটক করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ