সংবাদদাতা, কাকদ্বীপ: বাইক ও গাড়িচালকদের সতর্ক করতে এবার শুধু পদযাত্রা নয়, পথনাটকের উপর জোর দিল সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগ। এমনকী নিজেদের লেখা গানের মাধ্যমে পুলিশকর্মীরা গাড়ির চালকদের সচেতন করলেন।
অতীতে চালকদের সচেতন করতে ট্রাফিক বিভাগের পুলিশকর্মীরা মূলত ফ্লেক্স হাতে নিয়ে পদযাত্রা করতেন। কিন্তু এবার পদযাত্রার পাশাপাশি পথনাটক ও ম্যাসকটদের ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে ‘নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ’ কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচি পালনের প্রথমে ট্রাফিক বিভাগের পুলিশকর্মীরা ও সিভিক ভলান্টিয়াররা কাকদ্বীপ বাজারে র্যালি করেন। তাঁদের সঙ্গে ছিল দু’টি ম্যাসকট। র্যালির পর চৌরাস্তার মোড়ে হেলমেট পরা বাইকচালকদের ও সিট বেল্ট লাগানো গাড়ির চালকদের চকলেট তুলে দেওয়া হয়। এরপরই শুরু হয় পথনাটক। আচমকাই এক ব্যক্তি স্কুটি চালিয়ে মোবাইলে কথা বলতে বলতে এসে চৌরাস্তার মোড়ে পড়ে যান। সেটা দেখে পথচলতি মানুষজন দাঁড়িয়ে পড়েন। এরপরই আশেপাশের কয়েকজন ছুটে এসে তাঁকে তুলে নিয়ে হাসপাতালের দিকে ছোটেন। বেশ কিছু সময় পর সেখানে উপস্থিত সবাই বুঝতে পারেন, এটি একটি পথনাটকের ঘটনা। যেখানে এক স্কুটি চালকের শেষ পরিণতির গল্প তুলে ধরা হয়েছে।
এবিষয়ে ট্রাফিক বিভাগের এক আধিকারিক বলেন, গাড়ির চালকদের সতর্ক করতে এবার থেকে পদযাত্রার পাশাপাশি পথনাটক উপস্থাপনা করা হবে। মূলত চালকদের সচেতন করতে বিশেষ কিছু মর্মান্তিক ঘটনা তুলে ধরে, তাঁদের মনে যাতে প্রভাব ফেলা যায়, সেই চেষ্টা করা হচ্ছে। নিজস্ব চিত্র



