সংবাদদাতা, কৃষ্ণনগর: ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের পালপাড়ার বাসিন্দাদের কাছে পানীয় জল আজও অধরাই। বছর পাঁচের আগে সরকারি প্রকল্পে পাড়ার প্রতিটা বাড়িতে জলের পাইপলাইন বসানো হয়েছিল। কিন্তু, বাস্তবে আজও বাড়ি বাড়ি জল পৌঁছয়নি। প্রথম কিছুদিন জল এলেও তারপর থেকে টানা চার বছর জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে ওই পাড়ার শতাধিক পরিবার পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। এনিয়ে তাঁরা প্রচণ্ড ক্ষুব্ধ।
ওই পাড়ার বাসিন্দারা বলেন, পাঁচ বছর আগে জলের পাইপলাইন বসেছে। তখন বলা হয়েছিল তিন মাসের মধ্যেই জল চালু হয়ে যাবে। তখন সবাই আশা করেছিলাম আর পানীয় জলের সমস্যা হবে না। প্রত্যেকের বাড়িতে টাইম কল বসিয়ে দিল। দিনে তিনবার করে জল আসবে বলেছিল। কিন্তু, এর পর প্রায় পাঁচ বছর পার হলেও জলের দেখা নেই। পাড়ার বেশিরভাগ বাসিন্দা অন্য জায়গা থেকে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। দূর থেকে জল আনতে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। গ্রামের কিছু কিছু জায়গায় সরকারি টিউবওয়েল এবং জলের ট্যাঙ্ক বসানো আছে। জল নেওয়ার জন্য প্রতিদিনই বাসিন্দারা হাজির হচ্ছেন। কিন্তু, ভিড় থাকায় অনেকটা সময় লেগে যায়। জল নেওয়া নিয়ে মাঝে মধ্যেই অশান্তি হয়।
এবিষয়ে ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু মণ্ডল বলেন, জলের লাইনের কাজ চলছে। আমরা ইতিমধ্যেই বেশ কয়েকবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে দ্রুত কাজ শেষ করার জন্য বলেছি।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা হারাধন দাস বলেন, সেসময় বাড়ি বাড়ি জলের লাইন দেওয়ায় আমরা খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম এবার জলের কষ্ট দর হবে। কিন্তু, কোথায় কী! চার পার হলেও জলের দেখা নেই। স্থানীয় এক গৃহবধূ বলেন, বাড়িতে জল এলে খুবই সুবিধা হতো এই প্রচণ্ড ঠান্ডায় দূর থেকে জল আনতে খুবই কষ্ট হয়। সবার পক্ষে জল কিনে খাওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে টিউবয়েলের জল খেতে হয়।