নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: টানা প্রায় ১০দিন ধরে পরিস্রুত পানীয় জল মিলছে না। জলকষ্টে ভুগছেন দুবরাজপুর পুরসভা এলাকার ৮নম্বর ওয়ার্ডের নতুনপল্লির কয়েকশো বাসিন্দা। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। বাসিন্দাদের আরও অভিযোগ, আশ্রম মোড় থেকে সাতকেন্দুরী যাওয়ার রাস্তার বেহাল অবস্থা। একাধিক জায়গায় খানাখন্দ তৈরি হয়েছে। বেশকিছু জায়গায় গর্ত এতটাই বড় যে বৃষ্টি হলেই পুকুরের চেহারা নেয়। চলাচলের ক্ষেত্রে সমস্যা হয়। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা কলসি, বালতি নিয়ে অবরোধে শামিল হন। আশ্রম মোড় থেকে সাতকেন্দুরী যাওয়ার বাইপাস রাস্তায় বাঁশ বেঁধে বিক্ষোভ চলে। প্রায় আধ ঘণ্টা ধরে অবরোধ চলে। খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিস সেখানে পৌঁছয়। পুলিসি হস্তক্ষেপে অবরোধ ওঠে। পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, বৃষ্টির জেরে একাধিক পাম্প জলমগ্ন হয়ে পড়েছিল। তার জেরে তিন-চারদিন ধরে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংস্কারের কাজ শুরু হয়েছে। পুরসভার আধিকারিকরা নজরদারি চালাচ্ছেন। দ্রুত পানীয় জল পরিষেবা স্বাভাবিক হবে। বেহাল রাস্তা সংস্কারের বিষয়ে আমরা জেলা পরিষদ কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছি। আশা করছি খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ করা হবে। দুবরাজপুর পুরসভা অধীন নতুনপল্লি এলাকায় একটি জলাধার রয়েছে। তার জেরেই ওই এলাকাটি জলট্যাঙ্কিপাড়া হিসেবে পরিচিত। যদিও সেই এলাকার বাসিন্দারা গত কয়েকদিন ধরে পানীয় জলের সঙ্কটে ভুগছেন। রান্না থেকে শুরু করে নিত্যদিনের কাজের জন্য প্রয়োজনীয় জল অমিল। এলাকায় একটি মাত্র টিউবওয়েল রয়েছে। যদিও তা দিয়ে প্রয়োজনীয় জলের জোগান মিলছে না। স্থানীয়দের আশেপাশে যেতে হচ্ছে। আশ্রম মোড় থেকে সাতকেন্দুরী যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। ওই রাস্তাটি সরাসরি ১৪নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত রয়েছে। যদিও দীর্ঘ প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার একাধিক জায়গায় খানাখন্দ তৈরি হয়েছে। এমনকী বিশালাকার গর্তও তৈরি হয়েছে। ফলে যান চলাচলের ক্ষেত্রে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে। দ্রুত রাস্তা সংস্কারের পাশাপাশি পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সুর চড়িয়েছেন। স্থানীয় বাসিন্দা পূজা চৌধুরী বলেন, একটানা প্রায় ১০দিন ধরে পানীয় জল অমিল। -নিজস্ব চিত্র



