সংবাদদাতা, মানকর: যে দেবে পানীয় জল, সেই পাবে ভোটের ফল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এমনই কথা ঘুরছে মানকরের ভোটারদের একাংশের মুখে মুখে। নিশ্চিতভাবেই এই ভোটে মানকরে অন্যতম ইস্যু পানীয় জল। স্থানীয়দের দাবি, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও মানকরে জলের সমস্যা অব্যাহত। যদিও এক্ষেত্রে প্রার্থীদের একপক্ষের মুখে কেন্দ্রের বঞ্চনা, অন্যপক্ষের মুখে রাজ্য সরকারের উদাসীনতার কথা। তবে, শেষমেষ সকলেই বলছেন, নির্বাচিত হলে সমস্যার স্থায়ী সমাধান করবেন।
মানকরের স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকার অনেকের বাড়িতেই রয়েছে জলের লাইন। দীর্ঘদিন আগে সেই লাইন দেওয়া হয়েছে। প্রথম কয়েকদিন জল পড়লেও ধীরে ধীরে তা বন্ধ হয়ে যায়। অভিযোগ, মানকরের বারুইপাড়া, স্টেশন রোড সহ একাধিক এলাকায় জল নেই। স্থানীয় বাসিন্দা তপনকুমার বিশ্বাস বলেন, গরম পড়ে গিয়েছে। পানীয় জলের সমস্যার সম্পূর্ণ সমাধান হয়নি। তাছাড়া বহু বাড়িতে জলের সংযোগও দেওয়া হয়নি। প্রার্থীরা ভোট চাইতে এলে এলাকার বাসিন্দারা এটা নিয়ে প্রশ্ন করবেই। ফলে প্রার্থীদের কাছেও এটা একটা বড় চ্যালেঞ্জ।
বিষয়টি নিয়ে সিপিএম প্রার্থী মণিমালা দাস বলেন, মানকরের জলের সমস্যা নিয়ে আমরা অবগত। গ্রীষ্মে সেই সমস্যা আরও বাড়ে। অথচ এই সমস্যা নিয়ে আগের নির্বাচিত প্রতিনিধি উদাসীন ছিলেন। আমরা জিতলে দাঁড়িয়ে থেকে সমাধান করব। বিরোধীদের অভিযোগ,তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মসূচিতে মানকরে এসেছিলেন। সেই সময় এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে তাঁকে জলের সমস্যার কথা তুলে ধরা হয়। পরবর্তীকালে এলাকার ব্যক্তিরা দিদিকে বলো-তেও ফোন করে সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।
বিজেপি প্রার্থী রাজু পাত্র বলেন, প্রতি বাড়িতে পানীয় জলের জন্য কেন্দ্র সরকার জল জীবন মিশন প্রকল্প নিয়েছে। রাজ্য সরকার প্রকল্পের নাম বদলে জল স্বপ্ন করেছে। মানকরের বাসিন্দাদের কাছে পানীয় জল এখন স্বপ্ন হয়ে গিয়েছে। আমরা ক্ষমতায় এলে এলাকার প্রতি বাড়িতে জল পৌঁছাবে। বাড়ির মায়েদের পানীয় জল নিয়ে আর চিন্তা করতে হবে না।
তৃণমূল প্রার্থী অলোককুমার মাঝি বলেন, মানকরে জলের ব্যবস্থা রয়েছে। তবে, যে জায়গাগুলোয় পাইপ লাইন হয়নি বা জল যাচ্ছে না, তা নিয়ে অবশ্যই কথা বলব। আসলে কেন্দ্র ও রাজ্যের যৌথ এই প্রকল্পে কেন্দ্র বঞ্চনা করছে। প্রকল্পের টাকা দেওয়া হয়নি। তারমধ্যেও বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পরিষেবা নিশ্চিত করার বিষয়ে আমরা বদ্ধ পরিকর। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ, বিধায়কদের নির্দেশ দিয়েছিলেন এই প্রকল্পে আর্থিকভাবে সহায়তার জন্য। নির্বাচিত হয়ে এই সমস্যার সার্বিক সমাধান করব।