সংবাদদাতা, দুর্গাপুর: মঙ্গলবার রাতে দুর্গাপুরের সিটি সেন্টারে বাড়ির ভিতর থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম তীর্থ সান্যাল (৪৭)। দুর্গাপুর থানার পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ তীর্থবাবু সেইল কো-অপারিটিভের বাসিন্দা ছিলেন। তিনি অবিবাহিত ছিলেন। তিনি ও তাঁর দাদা ওই বাড়িতে থাকতেন। তাঁর দাদা কর্মসূত্রে নেপালে থাকেন। বেশ কয়েকদিন ধরে তীর্থবাবু কাজে যাচ্ছিলেন না। সহকর্মীরা তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাননি। ওইদিন সন্ধ্যায় সহকর্মীরা তাঁর বাড়িতে আসেন। ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ মেলেনি। ঘরের ভিতর থেকে পচা দুর্গন্ধ পেয়ে তাঁরা সন্দেহ করেন। পুলিসে খবর দেওয়া হয়। পুলিস এসে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে। ঘরের খাটের উপর তীর্থবাবুর মৃতদেহ পড়ে ছিল। দেহে পচনও শুরু হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা পরিমল অগস্তি বলেন, তীর্থ বাড়িতে একাই থাকত। প্রতিবেশীদের সঙ্গে সেভাবে মেলামেশা করত না। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



