সংবাদদাতা, দুর্গাপুর: কারখানার প্রায় ১৩ লক্ষ টাকার স্পঞ্জ আয়রন চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করল দুর্গাপুর কোকওভেন থানার পুলিস। ধৃতের নাম জয়দেব মিশ্র। বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদায়। এই ঘটনায় অভিযুক্ত আরও একজন পুলিসি হেফাজতে ছিল। দুই ধৃতকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চারদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, সগড়ভাঙা এলাকায় একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার সামগ্রী নিয়ে আসার সময় চুরি গিয়েছিল। সপ্তাহখানেক আগে কারখানা কর্তৃপক্ষ পুলিসে চুরির অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত নেমে গাড়ির মালিক সরোজ পালকে গ্রেপ্তার করে। তার বাড়ি কাঁকসা থানার বিরুডিহা এলাকায়। ধৃতকে সাতদিন হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে আরও একজনকে ধরা হল। দু’জনকে একসঙ্গে হেফাজতে নিয়ে পুলিস চুরি যাওয়া সামগ্রীর খোঁজ শুরু করেছে।



