সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরে টোটোর দৌরাত্ম্য রুখতে বুধবার পরিষেবা বন্ধ করে মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন অটো চালকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিস। বিক্ষোভকারী অটো চালকদের অভিযোগ, অনিয়মিত টোটো চলাচলে অটোর রুটে যাত্রী মিলছে না। তাঁদের দাবি, অবিলম্বে প্রশাসনকে টোটো চলাচলে নিয়ম লাগু করতে হবে। মহকুমা শাসক সমস্যা সমাধানের জন্য বৈঠক করার আশ্বাস দিলে কয়েক ঘণ্টা পরে বিক্ষোভ উঠে যায়। বিক্ষোভকারী টোটো চালক সুজিত বন্দ্যোপাধ্যায় ও জয়ন্ত জোয়ারদার বলেন, টোটোগুলি অটোস্ট্যান্ড থেকে যাত্রী তুলছে। অবাধে টোটোর সংখ্যা বেড়েই চলেছে। আমরা সরকারি নিয়ম মেনে চলি। কর দিয়ে রুটে গাড়ি চালাই। আমরা টোটোর বিরুদ্ধে নই। প্রশাসনের কাছে আমাদের দাবি, টোটো চলাচলে নিয়ম লাগু করা হোক। এই বিষয়ে মহকুমা শাসক এক সপ্তাহের মধ্যে বৈঠক করার আশ্বাস দিয়েছেন।



