Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুর সিটিসেন্টারে বেহাল একাংশের ম্যানহল, নোংরা জল ঢুকছে এলাকায়

দুর্গাপুর সিটিসেন্টারে বেহাল একাংশের ম্যানহল, নোংরা জল ঢুকছে এলাকায়
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের একাংশের ম্যানহলের অবস্থা বেহাল হয়ে রয়েছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। অভিযোগ, এলাকার ভবানী পাঠক জলাশয়ের পাড়ে একটি বহুতল আবাসন গড়ে উঠেছে। ওই আবাসনে ব্যবহৃত দূষিত জল উন্মুক্ত সেল কো-অপারেটিভের সুয়ারেজ ব্যবস্থায় মিশছে। বর্ষাকালে ওই অতিরিক্ত জল নিকাশি নর্দমা থেকে উপচে এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে। বহু বাড়িতে জল ঢুকে যাচ্ছে বলে অভিযোগ। অভিযোগ, পুরসভায় একাধিকবার অভিযোগ করেও কোনও সুরাহা মেলেনি। মিলেছে কেবল প্রতিশ্রুতি। তাঁদের দাবি, অবিলম্বে ওই অংশের নিকাশি পরিকাঠামোর সুব্যবস্থা করা হোক।
Advertisement
পুরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দতা মুখোপাধ্যায় বলেন, ইতিমধ্যেই ওই এলাকায় নিকাশি নালার সংস্কারের কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর সমস্যা দূর করতেই কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিটিসেন্টারের সেল কো-অপারেটিভ এলাকায় প্রায় ১৮৫৩টি বাড়ি রয়েছে। অভিজাত ওই এলাকায় মাটির নীচ দিয়ে সুয়ারেজ লাইন নিয়ে যাওয়া হয়েছে। ২০০৮ সালে ওই এলাকার তারাশঙ্কর সরণি এলাকায় ওই বহুতল আবাসনটি গড়ে উঠতে থাকে। প্রায় ১০ বছর ধরে ওই আবাসনে ব্যবহৃত জল সেল কো-অপারেটিভের সুয়ারেজ লাইনের সাথে মিশিয়ে দিতেই দুর্ভোগের সম্মুখীন হতে থাকেন এলাকাবাসী। ওই নিকাশি ব্যবস্থার পরিকাঠামো সঠিকভাবে গড়ে তোলা হয়নি বলে অভিযোগ। ফলে দূষিত জল উন্মুক্তভাবে সুয়ারেজে মিশছে। স্থানীয় বাসিন্দা ঝর্ণা বন্দ্যোপাধ্যায় ও সুভাষ বড়ুয়া বলেন, সারা বছর দূষিত জলের দুর্গন্ধে এলাকায় টেকা যায় না। পাশাপাশি বর্ষাকলে ওই আবাসনের দূষিত ও অতিরিক্ত জল নর্দমা উপচে এলাকা জলমগ্ন  হয়ে আসছে দীর্ঘদিন ধরে। বহু বাড়িতে ওই জল ঢুকে যায়। আমরা বহুবার পুরসভায় অভিযোগ করেছি। কেবল প্রতিশ্রুতি মিলেছে-হয়ে যাবে। আজও হয়নি।
সম্পর্কিত সংবাদ