সংবাদদাতা, দুর্গাপুর: বুধবার বিধাননগর এলাকায় দুর্গাপুর পুরসভার বর্জ্য বহনকারী গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ গুরুতর জখম হন। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার প্রতিবাদে ও হাম্পের দাবিতে ক্ষুব্ধ বাসিন্দারা পুরসভার বর্জ্য বহনকারী গাড়িগুলি আটকে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিস আসে। পুলিসের আশ্বাসে বিক্ষোভ ওঠে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধাননগর জোনাল মার্কেটের সামনে এদিন বছর ৮৭-র বৃদ্ধ গঙ্গাধর বেজ হেঁটে যাচ্ছিলেন। অভিযোগ, বর্জ্যবাহী ওই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গাধরবাবুকে সজোরে ধাক্কা মারে। তিনি রাস্তায় লুটিয়ে পড়তেই ঘাতক গাড়ির চালক পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা রজত বিশ্বাস ও পার্থ দাস বলেন, বর্জ্যবাহী গাড়িটি বেপরোয়াভাবে চলাছিল। তাই দুর্ঘটনা ঘটেছে। আমরা চাই দোষী গাড়ি চালকের শাস্তি হোক। এছাড়াও এই এলাকায় হাম্প ও ট্রাফিক পুলিসের ব্যবস্থা করতে হবে। পুর প্রশাসক বোর্ডের সদস্যা রাখি তিওয়ারি বলেন, গাড়ি চালকদের আমরা সচেতন করেছি। পুলিস প্রশাসন আইনত ব্যবস্থা নেবে।



