সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ফুটবল লিগে প্রতিপক্ষকে হেলায় হারিয়ে প্রথম ডিভিশনে থাকা নিশ্চিত করল তানসেন অ্যাথলেটিক ক্লাব। মঙ্গলবার অবনমনের খেলায় এমএএমসি মাঠে তারা ৬-১ গোলে উত্তরপল্লি নাইনস্টার ক্লাবকে হারিয়ে দেয়। অস্তিত্ব রক্ষার এই খেলায় দলের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন শান্তনু কর্মকার। তিনি একাই চারটি গোল করেন। বাকি গোল দু’টি করেন সুকান্ত ডোম ও বাবন হাজরা। নাইনস্টারের হয়ে একমাত্র গোলটি করেন নন্দ সরকার। বৃহস্পতিবার অবনমনের অপর খেলায় মুখোমুখি হবে উখড়া ফুটবল অ্যাকাডেমি ও বনসল আদিবাসী স্পোর্টিং ক্লাব। পুরষা অগ্রগামী যুব সঙ্ঘ পরিচালিত নকআউট ফুটবলে জয়ী হল কাটোয়ার একাইহাট এনএমওএস। বুধবার তারা পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে পাণ্ডুয়া ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ অবস্থায় শেষ হয়। খেলার ৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পাণ্ডুয়া ফুটবল অ্যাকাডেমিকে এগিয়ে দেন সুদীপ্ত মুর্মু। ২৯মিনিটে প্রদীপ রাজবংশী ম্যাচে সমতা ফেরান। ম্যাচটি দারুণ উপভোগ্য হয়। প্রচুর দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। প্রদীপ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।



