সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগের প্লে-অফ ফাইনালে উঠল এরিয়ান ক্লাব। সোমবার এমএএমসি মাঠে প্রথম সেমিফাইনালে তারা ২-১ গোলে আমরা ক’জন বয়েজ ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের হয়ে বিশাল কোঁড়া ও মার্শাল মুর্মু গোল করেন। আমরা ক’জনের হয়ে অভিজিৎ টুডু একটি গোল করেন। মঙ্গলবার অপর সেমিফাইনালে আইএন দিশারি সংঘ অআকখ কালচারাল ক্লাবের মুখোমুখি হবে। ২৪ নভেম্বর ফাইনাল ম্যাচ হবে।
Advertisement
প্রথম ডিভিশনে অবনমন রুখতে এই লিগের চারটি দল খেলতে চলেছে। দু’টি গ্রুপের সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দলগুলি এই ম্যাচ খেলবে। গ্রুপ-এ থেকে সবচেয়ে কম পয়েন্ট পেয়েছে উখড়া ফুটবল অ্যাকাডেমি ও উত্তরপল্লি নাইন স্টার ক্লাব। গ্রুপ-বি থেকে সবচেয়ে কম পয়েন্ট পেয়েছে তানসেন অ্যাথলেটিক ক্লাব ও বনসল আদিবাসী স্পোর্টিং ক্লাব। অবনমনের প্লে-অফ ম্যাচে ২০ নভেম্বর তানসেন অ্যাথলেটিক উত্তরপল্লি নাইন স্টার ক্লাবের বিরুদ্ধে খেলবে। পরদিন উখড়া ফুটবল অ্যাকাডেমি বনসল আদিবাসী স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে।



