নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আজ, মঙ্গলবার বর্ষবরণের রাতে জাতীয় সড়কের ফ্লাইওভারকে রেসিং ট্র্যাক মনে করলেই বিপাকে পড়বেন টিনেজাররা। বর্ষবরণের উৎসবে মেতে বাইক, গাড়ি ঝড়ের গতিতে চালালে মামলার চিঠি যেতে পারে বাড়িতে। উৎসবের আবহে দুর্ঘটনা এড়াতে কড়া অবস্থান নিচ্ছে পুলিস। রাতের পার্টিতে যেমন বাড়তি নজরদারি করার সিদ্ধান্ত হয়েছে তেমনই গুরুত্বপূর্ণ রাস্তাগুলির উপর রাতভর নজরদারি চালাবেন পুলিস কর্মীরা। পুলিসের স্পষ্ট বার্তা, মদ্যপ অবস্থায়, হাইস্পিডে বাইক চালালে তা বরদাস্ত করা হবে না। রাস্তার উপর লাগানো রয়েছে, অত্যাধুনিক সিসি ক্যামেরা। গাড়ির নম্বর প্লেট সহ ছবি উঠে যাবে তাতে। ফলে অতিরিক্ত গতিতে বাইক চালিয়ে পুলিসের বাধা টপকালেও আইনি নোটিস পাঠাতে সমস্যা হবে না পুলিসের। অন্যদিকে, সোমবার থেকেই বিভিন্ন শপিংমলে ও সিনেমাহলগুলিতে ভিড় দেখা গিয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি শিল্পাঞ্চল। এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, আমরা সোমবার থেকেই পুলিসি নজরদারি বাড়িয়েছি। বর্ষবরণের রাতে রাস্তায় অতিরিক্ত পুলিস থাকবে। রাস্তা রেসিং ট্র্যাক নয় তা মনে রাখতে হবে সকলকে।
Advertisement
অন্যদিকে, একই চিত্র আসানসোলের ক্ষেত্রেও দেখা যায়। সোমবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্র ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি বেশি। তাই শীতের জন্য যাঁরা বর্ষবরণের আনন্দ থেকে দূরে থাকতেন, তাঁরাও রাত জাগার স্বপ্ন দেখছেন। শহরের বিভিন্ন প্রান্তে বর্ষবরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সব জায়গায় পুলিসি নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন শপিংমলে মানুষের ভিড় উপচে পড়েছে। এই অবস্থায় পুলিসি সক্রিয়তাও বেড়েছে। এসিপি (আসানসোল) বিশ্বজিৎ নস্কর বলেন, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।



