সংবাদদাতা, দুর্গাপুর: শুক্রবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের পোস্টারে বাংলাদেশ সরকারের লোগো ব্যবহারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, ক্যাঙ্গারু মাদার কেয়ারের নামে ইউনিসেফের একটি পোস্টার হাসপাতালে সাঁটানো হয়েছে। তাতে ভারত সরকারের পরিবর্তে বাংলাদেশ সরকারের ‘গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ’ লেখা লোগো রয়েছে। বিষয়টি নজরে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খবর যেতেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়। হাসপাতাল সুপার ধীমান মণ্ডল বলেন, হাসপাতালে রোগীদের জন্য সচেতনতামূলক অনেক পোস্টার রয়েছে। তারমধ্যে ওই একটি পোস্টার কীভাবে এলো, জানি না। বিষয়টি আমরা জানতে পেরেই তড়িঘড়ি পোস্টারটি খুলে দিয়েছি। তবে ওই জায়গায় পোস্টারটি কে সাঁটাল,তা এখনও জানা যায়নি। সেবিষয়ে তদন্ত শুরু করেছি।



