Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে মদ্যপ পুলকার চালক গ্রেপ্তার

দুর্গাপুরে মদ্যপ পুলকার চালক গ্রেপ্তার
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: বৃহস্পতিবার মদ্যপ পুলকার চালকের হাত থেকে ইংরেজি মাধ্যম স্কুলের প্রায় ১২ জন ক্ষুদে পড়ুয়াকে উদ্ধার করল দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিস। এই ঘটনায় দুর্গাপুর এসবি মোড় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে হতবাক অভিভাবকরা। পুলিস মদ্যপ চালককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শিবশঙ্কর টুডু। তাঁর বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকায়। পুলিস ওই পুলকারেই পড়ুয়াদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পড়ুয়ারা। ট্রাফিক পুলিসের তৎপরতায় স্বাভাবিকভাবেই খুশি অভিভাবকরা। পুলিস পুলকারটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।
Advertisement
ট্রাফিক পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ২টো নাগাদ ওই পুলকারটি মুচিপাড়া হয়ে এসবি মোড়ের দিকে যাচ্ছিল। ব্যস্ততম ওই রাজ্য সড়কে বেপরোয়াভাবে পুলকারটি যেতে দেখে মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিসের সন্দেহ হয়। এসবি মোড়ে ট্রাফিক পুলিস পুলকারটি আটকায়। তাতে বিধাননগর এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা ছিল। পুলকার চালক নেশাগ্রস্ত কিনা পরীক্ষা করতে তার মুখে ব্রিদ অ্যানালাইজার মেশিন দিয়ে পরীক্ষা করা হয়। তাতে পুলকার চালক মদ্যপান করেছে বলে জানা যায়। এরপর পুলিস তাকে গ্রেপ্তার করে। আতঙ্কিত হয়ে পড়ে পুলকারে থাকা ক্ষুদে পড়ুয়ারা। এরপর ট্রাফিক গার্ডের একজন আধিকারিক সহ পুলিস কর্মী পুলকারটি চালিয়ে পড়ুয়াদের বাড়ি পৌঁছে দেন। সেইসঙ্গে অভিভাবকদের বিষয়টি জানিয়ে সচেতন করা হয়।
নেতাজি সুভাষপল্লি এলাকার বাসিন্দা তথা অভিভাবক অনুপম মণ্ডল বলেন, আমার ছেলে প্রায় এক বছর ধরে ওই পুলকারে যাচ্ছে। পুলিস ছেলেকে বাড়ি পৌঁছে দিয়েছে। পুলিসের কাছে ঘটনার কথা শুনে অবাক হয়েছি।
দুর্গাপুর ট্রাফিক এসিপি(থ্রি) রাজকুমার মালাকার বলেন, ওই পুলকারটির মালিক ধৃত চালক শিবশঙ্কর টুডুই। সে মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলা দেওয়া হয়েছে।
 
সম্পর্কিত সংবাদ