সংবাদদাতা, দুর্গাপুর: সোমবার দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিস মোবাইল চুরির ঘটনায় যুক্ত দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া ৫টি মোবাইল উদ্ধার হয়েছে। ধৃতদের নাম শেখ এনামুল ও শেখ আনোয়ার। তাদের বাড়ি বীরভূম জেলার দুবরাজপুর থানা এলাকায়। ধৃতদের মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, মোবাইল ফোন চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের হয় ওই থানার বিধাননগর ফাঁড়িতে। অভিযোগের ভিত্তিতে ফাঁড়ির পুলিস তদন্ত শুরু করে কাঁকসা থানার গোপালপুর থেকে রবিবার সুভাষ মণ্ডলকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে পুলিস একটি মোবাইল ফোন উদ্ধার করে। তাকে তিনদিনের হেফাজতে নিয়ে পুলিস জিজ্ঞাসাবাদ করে। তারপর ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আরও চারটি ফোন উদ্ধার করে। মোট তিনজনকে হেফাজতে নিয়ে পুলিস মোবাইল চুরি চক্রের তদন্ত শুরু করেছে।



