Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে লিঙ্ক রোড ও এমজি রোডে যান নিয়ন্ত্রণ করবে ডিএসপি, বসবে ড্রপগেট

দুর্গাপুরে লিঙ্ক রোড ও এমজি রোডে যান নিয়ন্ত্রণ করবে ডিএসপি, বসবে ড্রপগেট
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: লিঙ্ক রোড ও এমজি রোডে ভারী যানচলাচল নিয়ন্ত্রণ করতে ফের তৎপর হল ডিএসপি। তাঁদের অভিযোগ, সম্পূর্ণ ডিএসপির মালিকানাধীন এই দু’টি রাস্তায় বেপরোয়াভাবে ছুটছে ভারী যানবাহন। যার জেরে রাস্তাগুলি ভেঙে পড়ছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে রাস্তাগুলির উপর ড্রাপগেট বসানো হবে। 
Advertisement
এই রাস্তা দু’টি শহরের অন্যতম লাইফলাইন। সাধারণ মানুষের যেমন রাস্তাগুলি ব্যবহার করেন তেমনি ব্যবসায়ীরা এই রাস্তা ব্যবহার করে নিজেদের সামগ্রী পরিবহণ করেন। তাই বিকল্প রাস্তার ব্যবস্থা না করে ডিএসপির এই সিদ্ধান্ত শহরবাসীর চিন্তার কারণ হয়েছে। ডিএসপি এই বিষয়ে তাঁদের কিছু জানায়নি বলে জানিয়েছে দুর্গাপুর পুরসভা ও এডিডিএ। ডিএসপির জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় বলেন, এই দু’টি রাস্তা ডিএসপির কর্মচারীরদের সুবিধার জন্য বানানো হয়েছে। আমরা রাস্তার সংস্কার কাজ শুরু করব। সংস্কার করার পরও এভাবে ভারী গাড়ি যাতায়াত করলে ফের তা ভেঙে যাবে। পাশাপাশি একাধিক দুর্ঘটনাও ঘটছে। তাই আমরা দু’টি রাস্তার উপর ভারী যান চলাচল নিষিদ্ধ করতে চলেছি ১২ নভেম্বর থেকে। 
প্রসঙ্গত, দুর্গাপুরের গান্ধীমোড় থেকে এনআইটি ক্যাম্পাসের পাশ দিয়ে যাওয়া এমজি রোডই শহরের যোগাযোগের বড় মাধ্যম। এই রাস্তার উপর রয়েছে এনআইটি, সিএমইআরআই, দুর্গাপুর উইমেন্স কলেজ সহ নানা সরকারি প্রতিষ্ঠান। শহরের একটি বড় অংশের মানুষ সিটিসেন্টার আসতে এই রাস্তা ব্যবহার করেন। পাশাপাশি ব্যবসায়ীদের মাল পরিবহণের বড় ভরসা এটি। একই অবস্থা লিঙ্ক রোডের ক্ষেত্রেও। এই অবস্থায় ব্যবসায়ীদের একাংশের দাবি, ডিএসপি তাহলে মাল পরিবহণের জন্য বিকল্প রাস্তা দিক। 
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক মণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ নিয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। ডিএসপিকে আমিও অনুরোধ করেছিলাম শুধু চৌরাস্তার ট্রাফিক আইল্যান্ডগুলি সুন্দর করলে হবে না। রাস্তাগুলি সংস্কার করা, স্ট্রিট লাইট সংস্কারেও জোর দিক।
এডিডিএ’র চেয়ারম্যান কবি দত্ত বলেন, বিষয়টি আমি জানি না। কোনও রাস্তায় যান নিয়ন্ত্রণ করার আগে সব দিক বিবেচনা করতে হবে।
সম্পর্কিত সংবাদ