সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরে কল্পতরু উৎসবের খুঁটিপুজো অনুষ্ঠিত হল মঙ্গলবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, সদস্যা রাখি তিওয়ারি ও সদস্য দীপঙ্কর লাহা সহ মেলা কমিটির কর্তারা। আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। ওই ১০দিনে দুর্গাপুর গ্যামন ব্রিজের কল্পতরু মেলা ময়দানে লক্ষাধিক মানুষের সমাগম হয়। স্থানীয় সহ আশাপাশের জেলার মানুষরা এই ঐতিহ্যবাহী মেলাতে আসেন। দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটির কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা বলেন, গতবারে যে মেলা কমিটি ছিল এই বছর একই কমিটি থাকবে। মেলায় প্রায় ৩০০টি স্টল হবে। মেলা কমিটির বিরুদ্ধে কিছু সমাজবিরোধী লোকজন দুর্নীতির অভিযোগ তুলে বদনাম করার চেষ্টা করেছিল।



