সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরের এসবিএসটিসি গ্যারেজ মোড়ে কালী মন্দিরের দেওয়াল কেটে লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ প্রায় ২০হাজার টাকা চুরি হল। ঘটনা জানাজানি হতেই মঙ্গলবার এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে কোকওভেন থানার পুলিস। পুলিস ঘটনায় সন্দেহভাজন দুই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের ব্যস্ততম বিধান রায় সরণির পাশেই ওই কালী মন্দিরটি রয়েছে। সোমবার গভীর রাতে মন্দিরের ইটের দেওয়াল কেটে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। কালীপ্রতিমার সোনার গয়না ও প্রণামী বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা। স্থানীয় বাসিন্দা বলরাম মুখোপাধ্যায় ও কল্পনা রায় বলেন, প্রায় দু’বছর আগেও একবার মন্দিরের গেটের তালা ভেঙে চুরি হয়েছিল। এবার মন্দিরের দেওয়ালে থাকা এগজস্ট ফ্যান খুলে কিছুটা কেটে ভিতরে ঢুকে চুরি করেছে। কালী প্রতিমা থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না খুলে নিয়ে গিয়েছে। প্রণামীর টাকাও নিয়ে গিয়েছে। পুলিস এসে ঘটনাস্থল থেকে একটি শাবল ও কোদাল উদ্ধার করে নিয়ে গিয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।



