সংবাদদাতা, দুর্গাপুর: জালনোট কারবারের দায়ে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে এক ব্যক্তির ১০বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা হয়েছে। সাজাপ্রাপ্তর নাম ফিরোজ আলম(৪০)। তার বাড়ি মালদহের কালিয়াচক থানার সাহাবাজপুর এলাকায়। এদিন এডিজে-১ শৈলেন্দ্রকুমার সিংয়ের এজলাসে তার সাজা ঘোষণা হয়। তার বিরুদ্ধে পুলিস জালনোট রাখা ও পাচার করার মামলা দায়ের করে। গতবছর ১৪ জুলাই রাজ্য এসটিএফ কাঁকসার একটি হোটেল থেকে ফিরোজকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৫ লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়। আসানসোল ও বিহারে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ওই টাকা আনা হয়েছিল। জেলা আদালতের স্পেশাল সরকারি আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, ফিরোজ আলমের বিরুদ্ধে দু’টি মামলা ছিল। ১৭৯ বিএনএস ধারায় তার ১০বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে।



