Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে দূষণ নিয়ে উদ্বেগ সাংসদের

দুর্গাপুরে দূষণ নিয়ে উদ্বেগ সাংসদের
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সেলিব্রিটি এমপি মানেই ডুমুরের ফুল-এটা বহুদিন ধরে দেখে আসছে রাজ্যের মানুষ। তার উল্টোপথে হেঁটে প্রশাসন ও তৃণমূলের সাংগঠনিক কাজে ওতপ্রোতভাবে যুক্ত হতে শুরু করেছেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। সম্প্রতি দুর্গাপুরে ডিএসপির একটি বাংলো সাংসদকে দেওয়া হয়েছে। সেখানেই তিনি দফায় দফায় রাজনৈতিক ও প্রশাসনিক বৈঠক করছেন। বুধবার নিজের ফেসবুকে পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলাশাসকের সঙ্গে তাঁর বৈঠকেও ছবিও পোস্ট করেছেন। সাংসদের নতুন বাংলোয় চা চক্রের আয়োজনে হাজির হয়েছিলেন দুই জেলাশাসক ও অন্য আধিকারিকরা। সেখানেই সাংসদ দুর্গাপুরের দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তাঁর সাংসহ কোটার টাকা খরচের যে সমস্ত প্রস্তাব পাঠানো হচ্ছে, তা তাড়াতাড়ি অনুমোদনের আর্জিও সাংসদ জানিয়েছেন। পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নমবলম এস বলেন, নানা বিষয় নিয়েই সাংসদের সঙ্গে আলোচনা হয়েছে।
Advertisement
সেইসঙ্গে কীর্তি আজাদ দুর্গাপুরে শাসকদলের মূল ও শাখা সংগঠনের নেতানেত্রীদের নিয়েও দফায় দফায় বৈঠক করছেন। প্রথমে তিনি দলের দুর্গাপুরের তিনটি সাংগঠনিক ব্লকের সভাপতিদের নিয়ে বৈঠক করেন। তারপর বুধবার শাসকদলের ব্লকের মহিলা, ছাত্র, যুব, শ্রমিক ও এসসি-এসটি, ওবিসি সেলের সভাপতিদের সঙ্গে বৈঠক করেন। আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, টিএমসিপির জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায়, মহিলা তৃণমূলের জেলা নেত্রী অসীমা চক্রবর্তীরা সাংসদের সঙ্গে বৈঠক করেছেন। তৃণমূলের দুর্গাপুরের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, ২০২৬সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সংগঠন শক্তিশালী করতে সাংসদ একাধিক বৈঠক করছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ