Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে দিনদুপুরে বৃদ্ধার সোনার হার ছিনতাই করে ধৃত তিন যুবক

দুর্গাপুরে দিনদুপুরে বৃদ্ধার সোনার হার ছিনতাই করে ধৃত তিন যুবক
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: সোনার চেন ছিনতাইয়ের পরই দুর্গাপুর কোক ওভেন থানার পুলিসের হাতে শনিবার ধরা পড়ে তিনজন দুষ্কৃতী। ধৃতদের নাম আদিত্য মণ্ডল, ইস্যু রাম ও শিব প্রসাদ। তাদের বাড়ি ওই থানা এলাকার রাহুল পল্লি এলাকায়। ছিনতাই করা সোনার হারটি পুলিস উদ্ধার করেছে। বাজেয়াপ্ত হয়েছে একটি স্কুটার ও বাইক। ঘটনায় একজন বছর ৭৪’এর বৃদ্ধা আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর ১ এর ঋষি অরবিন্দ পল্লি এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ধৃতদের রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক ৫ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, ছিনতাইয়ের ঘটনায় তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই হওয়া হারটি উদ্ধার হয়েছে। প্রত্যেকটি এলাকায় আমাদের তরফ থেকে সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে। ঋষি অরবিন্দ পল্লি এলাকার বাসিন্দা বৃদ্ধা শোভা মুখোপাধ্যায়। তিনি ওইদিন দুপুর তিনটে নাগাদ বাড়ির সামনের রাস্তার কুকুরদের খাবার দিতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় তিনজন দুষ্কৃতী একটি বাইকে করে আসে। দু’জন বাইক স্টার্ট রেখে দাঁড়িয়ে ছিল। একজন দুষ্কৃতী হেঁটে এসে শোভাদেবীকে ‘কাকিমা’ বলে ডাকে। এর পরেই শোভাদেবীর গলায় থাকা সোনার হার টেনে ছিঁড়ে নেয়। শোভাদেবী বাধা দিতে গেলে তাঁকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে বাইকে চড়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। শোভাদেবী আঘাত পান। তাঁর পরিবারের লোকজন তড়িঘড়ি পুলিসে খবর দেন। পুলিসি তৎপরতায় দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়। ওই তিনজন বছর ২০-২২’এর দুষ্কৃতী নিজেদের বাড়ির আশপাশের এলাকায় মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করছে বেশ কিছুদিন ধরে। দুপুরবেলা পুলিসের ডিউটি পরিবর্তন হওয়ায় কিছুক্ষণ যে ফাঁকা সময় থাকে, তার সুযোগ নিয়ে  ছিনতাই করত তারা। পুলিসের অনুমান তারা মাদকের নেশার খরচ জোগাতে ছিনতাই করে।
শোভাদেবী বলেন, ঘটনার পর থেকে আতঙ্কে শরীর খারাপ হয়ে গিয়েছে। আর বাড়ির বাইরে বেরব না। শোভাদেবীর ছেলে অশোক মুখোপাধ্যায় ও স্থানীয় বাসিন্দা বিপ্লব কুমার মণ্ডল বলেন, আমরা এই এলাকায় ৩০ বছর বসবাস করছি। কিন্তু এই রকম ঘটনা কখনও ঘটেনি। এলাকাবাসী যথেষ্ট আতঙ্কিত।
সম্পর্কিত সংবাদ