সংবাদদাতা, দুর্গাপুর: শনিবার রাতে দুর্গাপুর স্টেশন রোডে মদ্যপ সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে বাইকচালকের মৃত্যু হল। ঘটনায় সাইকেল আরোহীও জখম হয়েছেন। মৃতের নাম জয়ন্ত বন্দ্যোপাধ্যায়(৪৫)। বাড়ি দুর্গাপুর স্টিল টাউনশিপের তানসেন এলাকায়। রাতে দুর্ঘটনার পর ঘটনাস্থলে এসে গুরুতর জখম অবস্থায় বাইক চালককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় কোকওভেন থানার পুলিস। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘাতক ডাম্পার সহ চালক পলাতক। ঘটনার প্রতিবাদে রবিবার অ্যাপনির্ভর যাত্রীবাহী বাইক চলাচল আংশিক বন্ধ রাখেন চালকরা। বাসিন্দাদের অভিযোগ, স্টেশন রোড থেকে বিধানচন্দ্র রায় অ্যাভিনিউয়ের রাস্তা অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী বাস চলাচল করায় রাস্তাটি ব্যস্ততম। এর দু’পাশে অবৈধভাবে দখল নিয়েছে পণ্যবাহী যানবাহন। রাস্তায় নেই কোনও হাম্প। পথবাতি থাকলেও সেগুলি বিকল অবস্থায় রয়েছে। বারবার দুর্ঘটনা ঘটছে। পুলিস-প্রশাসনকে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা। পুলিসের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ১৯ নম্বর জাতীয় সড়কের ডিভিসি মোড় থেকে দুর্গাপুর স্টেশন যাওয়ার রাস্তাটি প্রায় পাঁচ কিলোমিটার। রাস্তার দু’পাশে শিল্পতালুক থাকায় পণ্যবোঝাই যানবাহন চলাচল করে। এছাড়াও যাত্রীবাহী বাস চলাচল করে। নিয়মিত এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দা নয়ন মালাকার বলেন, দুর্ঘটনা এড়াতে রাস্তায় নেই কোনও হাম্প। পথবাতি বিকল। রাস্তার দু’পাশে পণ্যবাহী যানবাহন অবৈধভাবে পার্কিং করা হয়। ওইদিন রাত ৯টা নাগাদ জয়ন্তবাবু বাইক নিয়ে সিটি সেন্টারের দিকে যাচ্ছিলেন। নেপালিপাড়া সংলগ্ন এলাকায় একজন মদ্যপ সাইকেল আরোহী বেসামাল হয়ে বাইকের সামনে উল্টে পড়ে যায়। জয়ন্তবাবু তাঁকে রক্ষা করতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারান। পিছনের দিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে জয়ন্তবাবুকে পিষে দিয়ে চলে যায়।
সাইকেল আরোহী সত্যবান রুইদাস বলেন, কারখানায় শ্রমিকের কাজ করি। রাস্তায় পড়ে যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়েন ওই বাইক আরোহী। আমার প্রাণরক্ষা হয়েছে। কিন্তু বাইক আরোহীর মৃত্যু হওয়ায় আমি শোকাহত। তানসেন এলাকার তৃণমূল নেতা সৌগত বন্দ্যোপাধ্যায় বলেন, জয়ন্ত আমাদের দলের কর্মী ছিলেন। তাঁর এক ছোট মেয়ে আছে। খুব মর্মান্তিক ঘটনা। মৃতের সহকর্মী অ্যাপনির্ভর যাত্রীবাহী বাইক চালক জাহাঙ্গির কবীর বলেন, আমাদের সামাজিক সুরক্ষার কোনও ব্যবস্থা নেই। জয়ন্তর মৃত্যুর ক্ষতিপূরণ কে দেবে জানি না। ঘটনার প্রতিবাদে আমরা রবিবার যাত্রী পরিষেবা বন্ধ রেখেছি।
ট্রাফিক এসিপি(তৃতীয়) রাজকুমার মালাকার বলেন, মদ্যপ সাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আমরা ওই রাস্তায় দ্রুত হাম্প বসাব। অবৈধ পার্কিং রুখতে প্রতিনিয়ত অভিযান চালানো হয়। সিসিটিভি খতিয়ে দেখে ঘাতক গাড়ি ও চালকের খোঁজে তল্লাশি চলছে।