সংবাদদাতা, দুর্গাপুর: সোমবার রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ায় চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিস। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, একটি কার্তুজ, শাবল ও দড়ি উদ্ধার করেছে পুলিস।ধৃতদের নাম সত্যজিৎ দাস, অভিজিৎ বোস, ওই দু’জন কোকওভেন থানা এলাকার বাসিন্দা। রাম ব্রিজ পাসোয়ান স্টিল টাউনশিপের বাসিন্দা ও অভিজিৎ রায় বড়জোড়া থানা এলাকার বাসিন্দা। ধৃতদের মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, আইকিউসিটি যাওয়ার রাস্তায় ধৃত চারজন ওই দিন গভীর রাতে জড়ো হয়েছিল। টহলরত পুলিসের নজরে পড়তেই সন্দেহ হয়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্র সহ নানান সরঞ্জাম উদ্ধার হয়। পুলিস তাদের গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



