সংবাদদাতা, দুর্গাপুর: শনিবার রাতে দুর্গাপুর ডিভিসি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের গার্ডওয়াল ভেঙে একটি পণ্যবাহী ট্রেলারের ইঞ্জিন ঝুলে যায়। ঘটনায় গুরুতর জখন হন ট্রেলারের চালক। দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিস তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। রবিবার সকালে পথচারীরা ট্রেলারটির ঝুলে থাকার দৃশ্য দেখতে ভিড় করেন। পুলিস দুর্ঘটনাগ্রস্ত পণ্যবোঝাই ট্রেলারটি উদ্ধার করতে ক্রেনের সাহায্য নেয়।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই রাতে ট্রেলারটি বাঁকুড়ার দিক থেকে আসছিল। ডিভিসি মোড়ে জাতীয় সড়কে ‘ইউ টার্ন’ নিয়ে উড়ালপুলে উঠেই বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলের গার্ডওয়াল ভেঙে ইঞ্জিনটি ঝুলে যায়। ওই ট্রেলারে অতিরিক্ত ভারী তার বোঝাই থাকায় কোনওরকমে নীচে পড়ে যাওয়ার থেকে রেহাই পায়। পুলিস জানিয়েছে, রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কন্ট্রোলরুমে খবর আসামাত্র পুলিস গিয়ে চালককে উদ্ধার করে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।



