সংবাদদাতা, দুর্গাপুর: এবিএল টাউনশিপে চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে সোমবার চুরি যাওয়া সোনার গয়না সহ ৪ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করেছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিস। ধৃতদের নাম রীতা চৌধুরী ও প্রদীপ সরকার। তারা ওই থানা এলাকার বাসিন্দা। ধৃতদের মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।এবিএল টাউনশিপের বাসিন্দা শাশ্বতী দত্ত দেড় মাস কলকাতায় ছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির তালা ভেঙে চুরি হয়ে যায়। গত শুক্রবার তাঁরা বাড়ি ফিরে এসে দেখেন তালা ভাঙা। ঘরের ভিতরে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। পুলিস ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে ওই দু’জনকে গ্রেপ্তার করে। তাদের তিনদিনের পুলিসি হেফাজতে নিয়ে সোনার গয়না, রুপো, কাঁসা ও পিতলের বেশকিছু বাসনপত্র, ক্যামেরা, মোবাইল উদ্ধার করেছে পুলিস।



