সংবাদদাতা, দুর্গাপুর: সোমবার দুর্গাপুর থানার পুলিস একটি বাড়িতে চুরির ঘটনায় অভিযুক্ত এক বাসন ব্যবসায়ী সহ তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম শুভাশিস সরকার, পরিতোষ বাউরি ও প্রশান্ত বাউরি। তাদের বাড়ি নিউ টাউনশিপ থানা এলাকায়। ধৃতদের মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, সিটিসেন্টার মৌলানা আজাদ এলাকার বাসিন্দা অখিল পালের বাড়িতে শনিবার তালা ভেঙে চুরি হয়েছিল। অখিলবাবু মুম্বইয়ে ছিলেন। তিনি পুলিসে অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চলতে থাকে তদন্ত। ওই ঘটনায় দু’জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানতে পারে, ওই দু’জন চুরি করা বাসনপত্র সহ নানান সামগ্রী মামড়া বাজারের বাসন ব্যবসায়ী শুভাশিস সরকারের কাছে বিক্রি করেছে। পুলিস ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।



