Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তা সংস্কারের কাজ শুরু

দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তা সংস্কারের কাজ শুরু
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর বাসস্ট্যান্ডে ঢোকা ও বেরোনোর বেহাল রাস্তাটির সংস্কার কাজ শুরু করেছে দুর্গাপুর পুরসভা। দুর্গাপুর রেলস্টেশন লাগোয়া শহরের গুরুত্বপূর্ণ ওই বাসস্ট্যান্ড চত্বর সহ স্ট্যান্ডে যাওয়া আসার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। ভগ্নদশায় থাকা খানাখন্দে ভরা রাস্তায় যাত্রীদের পাশাপাশি বাস ও অটো চালকরাও ভোগান্তির শিকার হচ্ছিলেন প্রতিনিয়ত। দুর্ভোগ ও ভোগান্তির কথা ভেবেই পুরসভার পক্ষ থেকে আধুনিক ম্যাস্টিক রোড করা হচ্ছে। প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি সংস্কার করা হচ্ছে।
Advertisement
উল্লেখ্য,ওই বাসস্ট্যান্ডে সরকারি ও বেসরকারি সহ টাউন সার্ভিস প্রায় ৫০০টি বাস স্টপ দেয় প্রতিদিন। রাজ্যজুড়ে বিভিন্ন জেলার বাস পরিষেবা মেলে ওই বাসস্ট্যান্ড থেকে। শিল্পাঞ্চলে কর্মসূত্রে রাজ্য ও ভিনরাজ্য থেকে কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত দুর্গাপুর রেলস্টেশনে আসা যাওয়া করেন। স্টেশন লাগোয়া ওই বাসস্ট্যান্ডের ভেতর থেকে বাইরে বেরনোর রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। যাত্রীদের দুর্ভোগ তো ছিলই, পাশাপাশি বাসচালক ও অটো চালকরাও ভোগান্তির শিকার হচ্ছিলেন। তাঁদের বাস ও অটো বিকল হয়ে পড়ছিল। প্রায় দু’মাস আগে বর্তমান পত্রিকায় যাত্রী সহ বাস ও চালকদের দুর্ভোগ ও ভোগান্তির কথা তুলে ধরা হয় প্রশাসনের কাছে। তার পরেই সংস্কারের কাজ শুরু হয় রাস্তার।
দুর্গাপুর সাবডিভিশন বাস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আনন্দ রায় বলেন, প্রায় ৮ বছর আগে ওই রাস্তা সংস্কার হয়েছিল। বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়। আমরা স্থানীয় কাউন্সিলারকে সংস্কারের জন্য লিখিতভাবে জানিয়েছিলাম। এর পরে বর্তমান পত্রিকায় বেহাল রাস্তার খবর প্রকাশিত হতেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।
পুরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয় করে ওই রাস্তাটিকে ম্যাস্টিক রোড করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ