সংবাদদাতা, দুর্গাপুর: বুধবার দুর্গাপুরের ভিড়িঙ্গি এলাকায় যাত্রীবাহী বেসরকারি বাসের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়। মৃতার নাম অমরাবালা ঘোষ(৭৫)। ভিড়িঙ্গি গ্রামেই তাঁর বাড়ি। ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। বৃদ্ধা রাস্তা পারাপার করছিলেন। সেই সময় বাসটি ধাক্কা মারে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিস ও ট্রাফিক পুলিস আসে। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে আসানসোলমুখী জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘাতক বাসের চালক ও কন্ডাক্টর বাস থামিয়ে পালিয়ে যায়। পুলিস ঘাতক বাসটিকে আটক করেছে। যান চলাচল নিয়ন্ত্রণে আনে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের পাশে অমরাবালাদেবীর ছেলের চায়ের দোকান রয়েছে। এদিন সন্ধ্যায় তিনি ছেলের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। জাতীয় সড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে। তাতেই তাঁর মৃত্যু হয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



