সংবাদদাতা, দুর্গাপুর: সোনার হার ছিনতাইয়ের তদন্তে নেমে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করল দুর্গাপুরের কোকওভেন থানার পুলিস। ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর আরও একটি ছিনতাইয়ের ঘটনায় যুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত ব্যবসায়ীর নাম শুভম গুপ্তা। বাড়ি মামড়া বাজার এলাকায়। ধৃত ছিনতাইকারী সাহিল বাল্মীকি ও প্রেমকুমার বিন্দের বাড়ি শহরের বিভিন্ন এলাকায়। ধৃতদের সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ব্যবসায়ীকে তিনদিন ও বাকি দু’জনকে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, ওই থানা এলাকায় দুর্গাপুর-১ এর ঋষি অরবিন্দ পল্লিতে গত শনিবার দুপুরে এক বৃদ্ধার সোনার হার ছিনতাই হয়। এলাকার বাসিন্দা বছর ৭৪-এর বৃদ্ধা শোভা মুখোপাধ্যায়ের গলা থেকে সোনার হারটি ছিনতাই করে তিনজন দুষ্কৃতী। ঘটনার দিনই পুলিস তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তুলে পাঁচদিন হেফাজতে নেয় পুলিস। ছিনতাই করা সোনার হার কোথায় বিক্রি করছে সেব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা স্বর্ণ ব্যবসায়ী শুভম গুপ্তার খোঁজ দেয়। সিনেমা রোড এলাকায় তার সোনার দোকানে অভিযান চালিয়ে ছিনতাই করা সোনার হারও উদ্ধার করা হয়। ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেরা করতেই আরও একটি ছিনতাইয়ের ঘটনা পুলিসের সামনে আসে।



