কাটিয়ানগর থানার অন্তর্গত ‘ভানুমতি’র কোঠা এখন দুর্গাদেবীর নিয়ন্ত্রণে। সেখানে গড়ে উঠেছে অবহেলিত, অত্যাচারিত মহিলাদের স্বনির্ভর প্রকল্প। পাশাপাশি শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক পরিমণ্ডলও গড়ে উঠেছে দুর্গার তত্ত্বাবধানে। এই সমাজসেবামূলক কাজ মেনে নিতে পারে না রাজনৈতিক ক্ষমতাবান সমাজবিরোধী ন্যাপা। তবে ঘটনার মূলপর্ব তৈরি হতে থাকে ভানুমতির কোঠায় নাবালিকা তনুশ্রী এবং ঊর্মির উপস্থিতির পর থেকে। তাদের রক্ষা করতে প্রতিরোধের দেওয়াল গড়ে তোলে দুর্গা। এহেন গল্প নিয়ে সম্প্রতি মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ‘প্রত্যাবর্তন’-এর নতুন নাটক ‘দুর্গা দণ্ড’। সেখানে সোমা বন্দ্যোপাধ্যায়, স্বাগতা মণ্ডল, কৌশানী বসুর অভিনয় চমৎকার। নাটক, মঞ্চ, আবহ, পোশাক পরিকল্পনা ও নির্দেশনায় বিশেষ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন অনিমেষ তরফদার। আলো, আবহ এবং রূপসজ্জায় ছিলেন মলয় চট্টোপাধ্যায়, দিগ্বিজয় বিশ্বাস ও মহঃ ইব্রাহিম।



