নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: জমিতে মাটি ভরাটের সময় ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালকের। মৃত ট্রাক্টর চালকের নাম নান্টু সিং (২৮)। তাঁর বাড়ি মেদিনীপুর সদর ব্লকের মণিদহ গ্রাম পঞ্চায়েতের ফরিদচকে। জানা গিয়েছে, বুধবার সকালে গুড়গুড়িপাল থানার গোপগড় এলাকার একটি জমিতে মাটি ভরাটের কাজ চলছিল। মাটি ভর্তি ট্রাক্টর পিচ রাস্তার ঢাল দিয়ে নামার সময় পাল্টি খেয়ে যায়। সেই সময় ট্রাক্টরের নীচে চাপা পড়ে যান নান্টু। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর গুড়গুড়িপাল থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



